তিস্তায় বিলীন হওয়ার পথে ৭৭ বছরের পুরোনো বিদ্যালয়
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে তিস্তা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে সাত দশকের বেশি পুরোনো চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। এ ছাড়া গত ১০ দিনে এলাকার ১০ একরের বেশি আবাদি জমি নদীতে বিলীন হয়েছে।
সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা যায়, ভাঙনকবলিত নদীর তীর থেকে মাত্র ৭ থেকে ১০ ফুট দূরে রয়েছে বিদ্যালয়টি। এরই মধ্যে বিদ্যালয়ের বেঞ্চসহ অন্যান্য মালামাল অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক শাহেদুজ্জামান বলেন, ১৯৩৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৮২ সালে সরকারি হলেও ১৯৯৬ সালে চার কক্ষবিশিষ্ট পাকা ভবনটি নির্মাণ করা হয়। বর্তমানে এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৫২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক রয়েছে। তিনি আরও বলেন, বিদ্যালয়টি আর রক্ষা করা সম্ভব হবে না।
নদীভাঙনের শিকার চিলাখাল এলাকার কৃষক শহিদার রহমানের ২০ শতাংশের ওপর বসতভিটা ১২ জুন নদী ভেঙে নিয়েছে। তিনি বলেন, এ এলাকায় গত ১০ দিনে ৩৫ পরিবারের বসতভিটা ও আবাদি জমি নদীতে বিলীন হয়েছে।
কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর ইসলাম বলেন, এখানে গত ১০ দিনে ১০ একরের বেশি জমি নদীতে চলে গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ওই এলাকায় শতাধিক বালুর বস্তা ফেলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মসিউর রহমান রাঙা ১৫ জুন এখানকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। তখন তিনি বলেন, এ উপজেলার ভাঙনকবলিত ১৯ কিলোমিটার এলাকা রক্ষায় ১২৬ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।