তীব্র অপুষ্টিতে রোহিঙ্গা শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে গতকাল একজন স্বাস্থ্যকর্মী এক শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওজন নেন l ছবি: রয়টার্স
উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে গতকাল একজন স্বাস্থ্যকর্মী এক শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওজন নেন l ছবি: রয়টার্স

শিশুটা মায়ের বুকের সঙ্গে লেপটে আছে। মায়েরও দুর্বল শরীর। মা ছেলেকে নিয়ে এসেছেন বেসরকারি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বাস্থ্যকেন্দ্রে। দায়িত্বরত চিকিৎসক মো. তহিদুল ইসলাম শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করলেন। মাকে বললেন, শিশুটির অবস্থা খুব খারাপ। এখানে চিকিৎসা হবে না। হাসপাতালে যেতে হবে। ব্যবস্থাপত্রে সে রকম লিখে মায়ের হাতে ধরিয়ে দিলেন।

তহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুটি মারাত্মক তীব্র অপুষ্টির (সিভিয়ার অ্যাকুইট ম্যালনিউট্রিশন বা এসএএম) শিকার। সঠিক চিকিৎসা না হলে শিশুটির মৃত্যুর আশঙ্কা আছে।

ঘটনাটি ১৯ অক্টোবর বেলা ১১টার। ঘটনাস্থল কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী অস্থায়ী শিবির-১।

এ রকম শিশু কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতে হরহামেশাই চোখে পড়ে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, দারিদ্র্য, খাদ্যাভাব ও অশিক্ষা এসব অপুষ্টির কারণ। রোহিঙ্গারা এর সবকিছুর শিকার। তাই অপুষ্টিও এদের মধ্যে বেশি।

রোহিঙ্গা শিবিরগুলোতে যে ত্রাণ তৎপরতা চলছে তাতে অপুষ্টির শিকার শিশুদের জন্য পৃথক কিছু নেই। যে খাবার দেওয়া হচ্ছে (মূলত চাল, ডাল, তেল, লবণ, চিনি) তাতে শিশুর জন্য আলাদা কিছু নেই।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি বিভাগের পরিচালক অধ্যাপক তাহমিদ আহমেদ প্রথম আলোকে বলেন, মারাত্মক তীব্র অপুষ্টির শিকার শিশুদের মৃত্যুঝুঁকি অন্য শিশুদের তুলনায় ১২ গুণ বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলে এরা সহজে সংক্রমণের শিকার হয়। এদের মাধ্যমে নানা রোগ-জীবাণু সংক্রমণের ঝুঁকিও বেশি।

ইউনিসেফের হিসাবে, রোহিঙ্গা শিবিরগুলোতে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার। এরা মোট রোহিঙ্গার প্রায় ৩০ শতাংশ। ২০ অক্টোবর পর্যন্ত পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির শিকার শিশু পাওয়া গেছে ১৬ হাজার ৯৬৫টি।

এই সংখ্যা অনেক বেশি ও বিপজ্জনক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জাতীয় পুষ্টি কর্মসূচির ব্যবস্থাপক এস এম মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এসব শিশুর হাসপাতালে রেখে চিকিৎসা করানো জরুরি।

চিকিৎসকেরা পরামর্শ দিলেও এসব রোগী হাসপাতালে কম যাচ্ছে। কারণ, শিবিরগুলো থেকে উপজেলা হাসপাতালে যাওয়া বেশির ভাগ রোহিঙ্গা পরিবারের জন্যই কঠিন। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ আগস্টের পর থেকে বহির্বিভাগে ১০৫ জন ও অন্তর্বিভাগে ১৫টি শিশুর চিকিৎসা হয়েছে। আর টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে ৯টি ও অন্তর্বিভাগে দুটি শিশুর চিকিৎসা হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা সীমান্তবিহীন চিকিৎসক দলের (এমএসএফ) ৫০ শয্যার হাসপাতালে অন্যান্য সব ধরনের রোগীর সঙ্গে এই শিশুদের চিকিৎসা হচ্ছে। তবে তারা সংখ্যাটি জানাতে চায় না।

এসব শিশুর চিকিৎসায় তৈরি খাবার বা আরইউটিএফ (রেডি টু ইউজ থেরাপিউটিক ফুড) ব্যবহার করা হচ্ছে বলে ইউনিসেফ প্রথম আলোকে জানিয়েছে। ইউনিসেফ ৫০ হাজার শিশুকে স্বাস্থ্য পরীক্ষা করেছে। এর মধ্যে তিন হাজার শিশুর চিকিৎস্যা শুরু করেছে।

তবে সামগ্রিকভাবে রোহিঙ্গা শিশুদের অপুষ্টির চিকিৎসা জটিল অবস্থায় আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকাণ্ডের সমন্বয়কারী ডা. ইকবাল কবীর। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, এসএএম শিশুদের ১২ সপ্তাহ চিকিৎসার পর তীব্র অপুষ্টি দূর করা সম্ভব। তখনো শিশুর মধ্যে অপুষ্টি থাকে, যাকে বলে মাঝারি তীব্র অপুষ্টি (এমএএম)। এমএএম শিশুর দরকার ঘরে তৈরি মানসম্পন্ন খাবার। সেই নিশ্চয়তা রোহিঙ্গা পরিবারগুলোতে নেই। তাই অপুষ্টির এই চক্র ভাঙা কঠিন হবে। ইউনিসেফের হিসাবে এমএএম শিশুর সংখ্যা ৪৫ হাজার ৮৫৬টি।

উখিয়ার জামতলী ও তাজমিনারখোলা রোহিঙ্গা শিবিরে দুটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, কিছু ক্ষেত্রে ত্রাণসামগ্রীর সঙ্গে নানা ধরনের গুঁড়া দুধ দেওয়া হচ্ছে। একজন সরকারি চিকিৎসক এর ঝুঁকি সম্পর্কে প্রথম আলোকে বলেন, শিবিরগুলোতে বিশুদ্ধ পানির অভাব আছে। অপরিষ্কার পাত্রে দুধ গুলিয়ে খাওয়ালে শিশুদের ডায়রিয়া হওয়ার আশঙ্কা বেশি।