তীব্র গরম মাথায় নিয়েই আজ নামতে হবে উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়ার খেয়াল—কারও জন্য নরম বৃষ্টি, কারও জন্য আগুনের আঁচ। গতকাল বুধবার রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার ওপর দিয়ে যখন বয়ে যাচ্ছিল দাবদাহ, তখন সিলেটে হচ্ছিল কয়েক পশলা বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, একদিকে বৃষ্টি আর অন্যদিকে দাবদাহের খামখেয়ালিপনা আজ পয়লা বৈশাখেও থাকবে।
আজ তেতে ওঠা রাজপথ উপেক্ষা করেই পয়লা বৈশাখের উৎসবে বেরোতে হবে রাজধানীবাসীকে। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন পুরো ৩৭ ডিগ্রির দাগ ছুঁয়েছিল পারদ।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, আট দিন ধরে দেশের বেশির ভাগ এলাকাজুড়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি দাবদাহ আজও দেশের বেশির ভাগ এলাকাজুড়ে বয়ে যাবে। তবে তাপমাত্রা যা-ই থাকুক, বাতাসে আর্দ্রতা কম থাকায় আজ ভাপসা গরমের অনুভূতি আগের কয়েক দিনের চেয়ে একটু কমবে। সিলেট ও চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেন, দাবদাহ আরও দু-এক দিন চলতে পারে। তারপর বৃষ্টি ও ঝড় এসে কিছুটা স্বস্তি দেবে।
অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।