তীব্র পানিসংকটে ভোগান্তি চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পানির তীব্র সংকট চলছে। খাবার পানি দূরে থাক, শৌচাগারে ব্যবহারের পানিও আনতে হচ্ছে বাইরে থেকে। বেশ কিছুদিন ধরেই এ অবস্থা। কিন্তু সমাধানের কোনো কার্যকর পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। বিষয়টি স্বীকার করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানিয়েছেন, স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে বারবার তাগাদা দিয়েও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।

গত ৩০ জুন দুপুরে হাসপাতালের গাইনি ও প্রসূতি ওয়ার্ডের ১৬ নম্বর বিছানার পাশে রাখা বেশ কয়েকটি পানির বোতল দেখা যায়। সদর উপজেলার হরিপুর শিবপুর গ্রামের মোরসেদা বেগমের (৪০) বড় বোন লেতুনজেরা বেগম (৪২) তিন দিন ধরে হাসপাতালে ভর্তি। এত পানির বোতল কেন? জানতে চাইলে মোরসেদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাহির থাইক্যা অতগুলা বোতুলে কইর‌্যা পানি লিয়্যা আসার জন্যেই এ হাসপাতালে আস্যাছি। এইখানে খাওয়ার পানি দূরের কথা, পায়খানার জন্যেই পানি পাওয়া যাইছে না। বোতুলে কইর‌্যা বাহিরে থাইক্যা পানি আইন্যা টয়লেটে ব্যবহার করতে হইছে।’

ওয়ার্ডের ৪ নম্বর মহিলা কেবিনে ভর্তি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহমানের স্ত্রী পারুল বেগম (৬০)। আবদুর রহমান (৬৮) বলেন, ‘হাসপাতালে এসেই দেখি পানির সমস্যা। এই বৃদ্ধ বয়সে সরকারি হাসপাতালে এসে ব্যবহারের জন্য পানি আনতে হচ্ছে নদী থেকে। একটি সরকারি হাসপাতালে এ ধরনের পানির সমস্যা মোটেও মেনে নেওয়া যায় না।’

গাইনি ও প্রসূতি বিভাগের জ্যেষ্ঠ সেবিকা সালেহা খাতুন বলেন, এখানকার পানির সমস্যার কথা সবাই জানে। এমনকি আবাসিক চিকিৎসা কর্মকর্তাও জানেন। তারপরও কেন এর সমাধান হচ্ছে না, তিনি জানেন না।

হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রধান সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ বলেন, ‘পানির লাইনের পাইপে সমস্যা আছে বলে জানা গেছে। বিষয়টি দেখভালের দায়িত্ব হাসপাতালের আরএমওর। তাঁকে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছি।’

আরএমও দীর্ঘদিন ধরে হাসপাতালে পানির সমস্যার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালের পানি সরবরাহ লাইনের সমস্যাটা দীর্ঘদিনের। বিষয়টি সমাধানের দায়িত্ব স্বাস্থ্য প্রকৌশল বিভাগের। এরই মধ্যে একাধিকবার সমস্যাটি স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলীকে জানানো হয়েছে। কিছুদিন ধরে সমস্যা প্রকট হয়েছে। এ অবস্থায় প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে ওই বিভাগ থেকে সমস্যাটি সমাধানে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরএমও আরও বলেন, একজন প্রকৌশলী রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ—এ চারটি জেলার দায়িত্বে রয়েছেন। তাই সমস্যার সমাধানে সময় লাগছে।