সীমান্তে বিএসএফের হাতে নিরস্ত্র তিন বাংলাদেশি হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। দিনাজপুর, মেহেরপুর ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক ওই হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ভারতকে তদন্তের অনুরোধও জানিয়েছে বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের মহাপরিচালক শামীম আহসান গতকাল রোববার সন্ধ্যায় জানান, ১৭ ডিসেম্বর সীমান্তে তিন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশিদের প্রাণহানি বন্ধে ভারতের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে আশ্বাসের পরও এ ধরনের ঘটনায় বাংলাদেশ হতাশা ব্যক্ত করেছে।বাংলাদেশ ওই ঘটনা তদন্ত করার পাশাপাশি ভবিষ্যতে সীমান্ত এলাকায় এ ধরনের হত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতকে অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে ভারতকে সীমান্তে হত্যার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে।প্রথম আলোর দিনাজপুর অফিস, কুড়িগ্রামের নিজস্ব প্রতিবেদক ও মেহেরপুর প্রতিনিধি জানান, শুক্রবার রাত আটটা থেকে শনিবার সকাল সাড়ে ছয়টার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চার বাংলাদেশি প্রাণ হারায়। দিনাজপুরের বিরামপুর, কুড়িগ্রামের ফুলবাড়ী ও মেহেরপুরের গাংনী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় এসব ঘটনা ঘটে।এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বিএসএফের গুলিতে চার বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে।আসকের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ ৩১ জন বাংলাদেশিকে হত্যা করে।