তীব্র যানজট, চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়ার ইউনিক এলাকার মাঝিস টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক আলমগীর হোসাইন প্রতিদিন অফিস করেন রাজধানীর বনশ্রী থেকে। বছর দেড়েক আগেও তিনি দেড় থেকে পৌনে দুই ঘণ্টার মধ্যে বাসা থেকে অফিসে পৌঁছে যেতেন। কিন্তু আব্দুল্লাপুর-বাইপাইল সড়কে তীব্র যানজটের কারণে এখন তাঁর অফিসে পৌঁছাতে সময় লেগে যায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। আলমগীর হোসাইন জানান, আশুলিয়ার বাইপাইল থেকে নরসিংহপুর পর্যন্ত এলাকায় ঢাকা-আব্দুল্লাপুর-বাইপাইল-টাঙ্গাইল মহাসড়কে ছোট-বড় প্রচুর গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই ওই এলাকায় পানি জমে। এ কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে প্রতিদিনই সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। আর যানবাহন বিকল হয়ে পড়লে যাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কটির ইউনিক এলাকায় বড় গর্তে পড়ে একটি প্রাইভেট কার বিকল হয়ে পড়ে। এর আগে সকাল ১০টার দিকে জামগড়া এলাকার আনোয়ার সিএনজি স্টেশনের কাছে গর্তে পড়ে বিকল হয়ে যায় আরও দুটি ট্রাক। এ কারণে গতকাল ওই সড়কে যানজট আরও তীব্র হয়।গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির ইউনিক থেকে নরসিংহপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে আগে থেকে সৃষ্ট বড় গর্তগুলো বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কোথাও কোথাও দেড় থেকে তিন ফুট পর্যন্ত পানি জমে ছিল। পানির কারণে চালকেরা গভীরতা আঁচ করতে না পারায় বড় গর্তে পড়ে গাড়ি আটকে যাচ্ছিল। এ কারণে গতকাল প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে যানজট বিস্তৃত হয়ে পড়ে। যানজটের এলাকা অতিক্রম করতে প্রতিটি গাড়ির সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা করে।বাইপাইল করিম সুপার মার্কেটের ব্যবসায়ী নুরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা জানান, বৃষ্টি না হলেও ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। বৃষ্টির কারণে গতকাল সকাল আটটা থেকেই যানজটের সৃষ্টি হয়। বিকেল পাঁচটা পর্যন্ত যানজট অব্যাহত থাকে। স্থানীয় ব্যক্তিরা আরও জানান, রমজান মাস শুরু হওয়ার আগে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যানজট লেগে থাকত। মাঝে বিরতি দিয়ে পোশাক কারখানা ছুটি হওয়ার পর বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত যানজট থাকত। কিন্তু রমজান মাসে এখন সকাল আটটা থেকেই যানজটের সৃষ্টি হয়, যা অব্যাহত থাকে বিকেল পর্যন্ত। সাভার ট্রাফিকের সার্জেন্ট সাহাদত হোসেন বলেন, বড় গর্তের কারণে স্বাভাবিক গতিতে যান চলাচল করতে পারে না। এ কারণেই যানজটের সৃষ্টি হয়।যোগাযোগ করা হলে ঢাকা সড়ক ও জনপথ বিভাগের কল্যাণপুর উপবিভাগীয় প্রকৌশলী সালমা আক্তার বলেন, সড়কের উভয় পাশে কারখানা ও বাজার বসায় বাইপাইল থেকে নরসিংহপুর পর্যন্ত তিন কিলোমিটার সড়কে পানি জমে থাকে। পানির ওপর দিয়ে যানবাহন চলাচলের কারণে সৃষ্টি হয় বড় বড় গর্তের। সড়কের উভয় পাশে ড্রেন নির্মাণ ছাড়া এ দুর্ভোগের অবসান হবে না। সালমা আক্তার বলেন, মাসিক সভায় বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার পরও কোনো সাড়া মিলছে না।