
ছুটির দিনের সঙ্গে গতকাল শুক্রবার রাজধানীর দৃশ্যপটের কোনো মিলই ছিল না। সড়কগুলো ছিল যানবাহনে ঠাসা। বিশেষ করে বাণিজ্যিক এলাকাগুলোতে দুপুরের পর থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে ছুটির দিনে মহানগরে যে নিরিবিলি পরিবেশ থাকে, তা ছিল না। টানা চার দিন হরতালের পর ছুটির দিনে ঈদের কেনাকাটা করতে নেমে পড়ে নগরবাসী। এ কারণে যানজটও বেড়ে যায় শহরে। পবিত্র রমজান মাসের নবম দিন ছিল গতকাল। ছিল দ্বিতীয় জুমা। চাকরিজীবীদের কাজে যাওয়ার তাড়া ছিল না। তবে জুমার নামাজ আদায় করতে অন্যান্য জুমার চেয়ে একটু আগেই মুসল্লিরা মসজিদে আসতে থাকেন। তাঁদের সংখ্যাও ছিল বেশি। মহানগরের মসজিদগুলোতে ছাদে বা সামনের খোলা জায়গায়, এমনকি অনেক ক্ষেত্রে সামনের সড়কেও বাড়তি আসনের ব্যবস্থা করা হয়। জুমার নামাজের পর কেনাকাটা করতে সপরিবারে বেরিয়ে পড়েন অনেকে। শহরে ব্যস্ততা বাড়তে থাকে। রমজান মাসে হরতালের কারণে ব্যবসায়ীরা প্রত্যাশিত বেচাকেনা শুরুই করতে পারেননি এবার। ব্যবসায়ীরাও এই ছুটির দিনে বেচাকেনায় গতির সঞ্চার হবে—এই প্রত্যাশা নিয়েই সকালে দোকান খুলেছিলেন। তাঁদের সে প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে।নয়াপল্টনের গাজী ভবনের নিচতলার মালিহা প্লেসের মোহাম্মদ লিটন বললেন, ‘হরতালের কারণে এবার আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। মাসের শুরুর দিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খুচরা বিক্রেতারা আমাদের কাছ থেকে মাল নিয়ে যান। এবার অনেকে আসতেই পারেননি।’ তিনি জানালেন, এবার ঈদে দুই রঙের শেড দেওয়া শার্ট নতুন এসেছে। এই শার্টগুলোই বেশি চলছে। দাম ৮০০ থেকে এক হাজার ৩০০ টাকা। এ ছাড়া লিনেন হাফশার্ট ও টি-শার্ট ৭০০ টাকা। ফুলহাতা স্ট্রাইপ শার্ট ৭০০ থেকে এক হাজার টাকার মধ্যে।যাত্রাবাড়ী থেকে দুই ছেলেকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন তাসলিমা হোসেন। পথে এত ভিড় ছিল যে অটোরিকশায় নয়াপল্টন আসতেই দেড় ঘণ্টার মতো লেগেছে। মিস অ্যান্ড বেবি নামের পোশাক বিক্রির দোকানে কথা হলো তাঁদের সঙ্গে। পঞ্চম শ্রেণী পড়ুয়া মাহিনুর রহমান ও তার ছোট ভাই মিমশাদ কিনেছে ‘পাগলু টি-শার্ট’। খুব খুশি তারা। বিক্রেতা আমজাদ হোসেন জানালেন, এই টি-শার্টের ডিজাইন ভারতীয়, কিন্তু তৈরি হচ্ছে চীনে। দাম ৫০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত। শিশু-কিশোরদের মধ্যে এই টি-শার্ট খুব জনপ্রিয়। ছোট মেয়েদের জন্য আছে ফ্রক, টপস, স্কার্ট ইত্যাদি। দাম এক থেকে দেড় হাজার টাকার মধ্যে।ছেলেদের জিনস প্যান্টের জন্য পলওয়েল সুপার মার্কেটের বিশেষ পরিচিতি রয়েছে। মার্কেটের সামনেই ক্রেতাদের শুভাগমনের জন্য সাজানো হয়েছে বিশাল এক সুদৃশ্য তোরণ। তবে ক্রেতার উপস্থিতিতে সন্তুষ্ট হতে পারছেন না বিক্রেতারা। দোতলার সাবিহা এন্টারপ্রাইজের বিক্রেতা মোহাম্মদ সাগর জানালেন, দেশের পরিস্থিতি ভালো নয়। এই মার্কেট থেকেও পাইকারিতে বিক্রি হয়। রোজার ১০-১৫ দিনের মধ্যেই বিভিন্ন অঞ্চলের খুচরা বিক্রেতারা মাল নিয়ে যান। এবার শুরুটা ভালো হয়নি। এখানে চীনে তৈরি জিনসের প্যান্ট বিক্রি হচ্ছে আট শ থেকে দুই হাজার টাকায়। থাইল্যান্ডের জিনস এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার ৫০০ টাকা। চীনের গ্যাবার্ডিন এক হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা। মোবাইল প্যান্ট নামে বহু পকেট যুক্ত গ্যাবার্ডিনের এক ধরনের প্যান্ট এসেছে, দাম এক হাজার ৫০০ টাকা।শাহবাগ থেকে মিরপুর রোড, পান্থপথ ওদিকে গাউছিয়া মার্কেট, এলিফ্যান্ট রোডে দুপুরের পর থেকেই যানবাহনের শম্বুকগতি। নারীদের পোশাক কেনাকাটায় মধ্যবিত্তের পছন্দের স্থান গাউছিয়া মার্কেটের সামনে ঈদের বাজারের সেই চেনা ভিড়। হরেক রকমের ঈদের শাড়িতে দোকানের তাক ভরিয়ে রেখেছেন বিক্রেতারা। বেচাকেনা শুরুও হয়েছে। এই মার্কেটের শাড়ির দোকান মধুছন্দার ব্যবসায়ী সৈয়দ আবু হোসেন জানালেন, হরতাল তো ছিলই, তা ছাড়া মধ্যবিত্ত চাকরিজীবীরা এখনো বেতন-বোনাস হাতে পাননি। সে কারণে তাঁরা এখনো হাতখুলে কেনাকাটা শুরু করতে পারছেন না বলে বিক্রিতে বেশ মন্দা। এবার ঈদে ‘পিতাম্বরী’ নামে একটি নতুন শাড়ি এসেছে। দাম সাড়ে সাত হাজার টাকা। এ ছাড়া আছে ‘রানি বিন্দিয়া’, ‘চেন্নাই কাতান’ ইত্যাদি। এগুলোর দাম সাড়ে ছয় থেকে সাড়ে দশ হাজারের মধ্যে। দেশি শাড়ির মধ্যে আছে বালুচরি এক হাজার ১০০ থেকে দুই হাজার টাকা, জামদানি এক হাজার ২৮৫ টাকা থেকে সাত হাজার টাকা। মিরপুর কাতান তিন হাজার টাকার মধ্যে আর টাঙ্গাইল সুতি শাড়ির দাম সর্বনিম্ন ৪০০ টাকা। দেশের পরিস্থিতি ভালো থাকলে আগামী দিনগুলোতে ঈদের বাজারে বেচাকেনা জমে উঠবে, এই আশায় রয়েছেন ব্যবসায়ীরা।