তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কে গতকাল শনিবারও তীব্র যানজট ছিল। এর মধ্যে দুপুরের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের চন্দ্রা ও কালিয়াকৈর-নবীনগর সড়কের জিরানী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার রাস্তায় যানজট লেগে যায়। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দীর্ঘ অংশে শুক্রবার রাত থেকে গতকাল দিনভর ছিল ব্যাপক যানজট। ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ায় যানজট ছিল প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ। আর ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের বিভিন্ন স্থানেও গতকাল যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
গাজীপুর: গত শুক্রবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের চন্দ্রা ও কালিয়াকৈর-নবীনগর সড়কের জিরানী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। গতকাল দুপুরের পর মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যানজট আরও তীব্র আকার ধারণ করে। দীর্ঘ যানজটের কবলে পরে সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিল শত শত যানবাহন।
চন্দ্রা এলাকায় হানিফ পরিবহনের সুপারভাইজার সুলতান মিয়া প্রথম আলোকে বলেন, বগুড়া থেকে চন্দ্রা পর্যন্ত আসতে সাধারণত তিন থেকে চার ঘণ্টা সময় লাগে। সেখানে আজকে আসতে সময় লেগেছে প্রায় ১০ ঘণ্টা। কোনাবাড়ী হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আলমগীর সিদ্দিক বলেন, হরতাল-অবরোধ না থাকায় ও ছুটির দিন হওয়ায় সড়কে দুপুরের পর থেকে যানবাহনের চাপ অতিরিক্ত বেড়ে যায়।
টাঙ্গাইল: অতিরিক্তি যানবাহনের চাপ এবং কয়েকটি স্থানে মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে গত শুক্রবার রাত থেকে প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল বিকেল পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। রংপুর থেকে ঢাকাগামী এস আর পরিবহনের চালক ইসমাইল জানান, রাত ১১টায় রংপুর থেকে ছেড়ে এসে রাত তিনটায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে পৌঁছান। সেখান থেকে টাঙ্গাইল পর্যন্ত ২৪ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগেছে ছয় ঘণ্টা।
টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক আরিফুর রহমান জানান, দীর্ঘ অবরোধের পর এমনিতেই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। এর ওপর বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়।
বগুড়া: ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার বনানী থেকে মহাস্থান পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে মহাসড়কের এই রাস্তাটুকু পার হতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত সময় লাগে। সবচেয়ে বেশি যানজট হয় বগুড়ার তিনমাথা রেলগেট ও মহাস্থানহাট এলাকায়। যানজটের কারণে রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী দূরপাল্লার বাস দুপুর পর্যন্ত পৌঁছাতে পারেনি। নির্ধারিত গন্তেব্যে পৌঁছাতে এসব বাসের অন্যদিনের চেয়ে চারগুণ সময় বেশি লেগেছে।
গতকাল দুপুরের দিকে তিনমাথা এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের দুই পাশেই কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি। আধা ঘণ্টা ধরে একই জায়গায় আটকে আছে কোনো কোনো গাড়ি। কোনো গাড়ি কিছুক্ষণ অপেক্ষার পর সামনে কয়েক হাত গিয়ে আবার আটকে থাকছে আধা ঘণ্টা।
হিলিগামী শ্যামলী পরিবহনের চালক আব্বাস আলী বলেন, ‘ঢাকা থেকে রাতে রওনা দিয়েছি। অন্যদিন ভোরের মধ্যে হিলিতে পৌঁছা যেত। যানজটের কারণে বগুড়া আসতেই দুপুর লেগেছে।’
পশ্চিমাঞ্চল হাইওয়ের পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদার বলেন, রোববার থেকে আবার অবরোধ শুরু হতে যাওয়ায় এর আগে মহাসড়কে যানবাহনের ঢল নামে। এতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
শেরপুর (বগুড়া): গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর থেকে ছোনকা পর্যন্ত প্রায় আট কিলোমিটারজুড়ে যানজট লেগে ছিল। সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহিপুর, স্থানীয় বাসস্ট্যান্ড, ধুনট রোড, শেরুয়া বটতলা, মির্জাপুর ও ছোনকা এলাকায় মহাসড়ক ঘেঁষে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের কারণে ওই সব স্থানে স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারছে না।
গতকাল সকালে ও দুপুরে শেরপুরের দূরপাল্লাগামী বিভিন্ন যাত্রীবাহী বাসের টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায়, ঢাকাগামী গাড়ির অপেক্ষায় বসে আছেন শত শত যাত্রী। তাঁদের একজন তবিবর রহমান বলেন, তিনি জরুরি প্রয়োজনে ছেলেকে নিয়ে ঢাকায় যাবেন। টিকিট কেটেছেন যাত্রীবাহী বাস একতা পরিবহনে বেলা ১১টার গাড়িতে। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত গাড়ি এসে পৌঁছায়নি।