তীব্র যানজটে অতিষ্ঠ সিলেটবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার বেলা দেড়টা! ডান হাতে বাজারের থলে, বাঁ হাতে সদ্য কেনা কাপড়ের ব্যাগ। কাঁধেও একটা ঝুলছে অফিস ব্যাগ। এসব নিয়ে ঘামে ভিজে জবজবে হয়ে নগরের বন্দরবাজার এলাকার ফুটপাত দিয়ে হাঁটছিলেন মঈনুল ইসলাম। নগরের বিলপাড় এলাকার বাসিন্দা তিনি। জানালেন, তীব্র যানজটে রিকশায় প্রায় আধা ঘণ্টা ঠায় বসে ছিলেন। এই অবস্থায় বাধ্য হয়ে রিকশা থেকে নেমে হেঁটেই বাসার দিকে রওনা দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, সিলেট নগরের বন্দরবাজার এলাকা ছাড়াও গতকাল নগরের অধিকাংশ এলাকায় ছিল অসহনীয় যানজট। জিন্দাবাজার, চৌহাট্টা, লামাবাজার, মির্জাজাঙ্গাল, জামতলা, তালতলা, সুরমা মার্কেট, বারুতখানা, নয়াসড়ক, জেলরোড, নাইওরপুল, মীরাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, লালদিঘিরপাড়, কালীঘাট, কাজিরবাজার, ছড়ারপাড়, কাজলশাহ, সোবহানীঘাট—সব এলাকাই ছিল স্থবিরপ্রায়। সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এলাকায় তীব্র যানজট ছিল। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, রমজান মাস হওয়ার গভীর রাত পর্যন্তও এখন এসব এলাকায় দুর্বিষহ যানজট থাকে।

ভুক্তভোগী পাঁচজনের অভিযোগ, রমজান শুরু হওয়ার পর থেকে যানজট অসহনীয় রূপ নিয়েছে। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকে। অবস্থা এমন দাঁড়িয়েছে, কোনো দিকেই গাড়ি যেতে পারে না। কাজেই পায়ের ওপর ভরসা করেই অনেকে চলতে শুরু করেন। তাই ফুটপাতেও মানুষে ঠাসাঠাসি। পুরো শহরটাই যেন অচল হয়ে আছে।

উপশহর এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা অম্বরীষ দত্ত বলেন, ‘আমার বাসা থেকে বারুতখানা এলাকায় রিকশায় আসতে বড়জোর ১০ মিনিট লাগার কথা। অথচ আজ (সোমবার) ওই দূরত্বে আমাকে আসতে হয়েছে এক ঘণ্টায়। ফলে সময় মেনে গন্তব্যে পৌঁছাটা এখন সম্ভব হচ্ছে না।’ শিবগঞ্জ এলাকার বাসিন্দা উন্নয়নকর্মী শাহীনুর আলম বলেন, ‘এমনিতেই নগরজুড়ে তীব্র যানজট। এর মধ্যে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। এতে ঘণ্টার পর ঘণ্টা রিকশায় বসে থাকতে থাকতে অস্থির হয়ে পড়ছি।’

মহানগর পুলিশের ট্রাফিক শাখা জানিয়েছে, বেশ কয়েকটি কারণে নগরে যানজট হঠাৎ করেই বেড়ে গেছে। কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঈদের মৌসুম হওয়ায় প্রতিদিন কেনাকাটা করতে অসংখ্য মানুষ বাইরে বের হচ্ছে, অধিকাংশ সড়কে শুরু হওয়া সংস্কারকাজ, অপ্রশস্ত রাস্তাঘাট এবং নগরের অধিকাংশ বিপণিবিতান ও হাসপাতালে পার্কিং ব্যবস্থা না থাকা। তবে নগরবাসীর অভিযোগ, ঈদ সামনে রেখে নগরের প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লায় অবৈধ রিকশার পাশাপাশি নিষিদ্ধঘোষিত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল করাই যানজটের প্রধান কারণ।

বেলা সোয়া তিনটার দিকে বারুতখানা এলাকায় কথা হয় রিকশাচালক নুরুল মিয়ার সঙ্গে। তিনি জানান, যানজট থাকায় একবার যাত্রী পরিবহন করতে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। এতে আয়ও তুলনামূলক কম হচ্ছে। অনেক যাত্রী আবার যানজটের কারণে রিকশায়ও উঠতে চান না।

নাগরিক জোট সিলেটের সভাপতি হুমায়ূন চৌধুরী বলেন, নগরের কোনো সড়কেই ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচলের কথা নয়। কয়েক বছর আগে পুলিশ ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ যৌথভাবে এ দুটি যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অথচ নগরের পাড়া-মহল্লাগুলোতে অবাধে এসব যান চলাচল করছে।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, রমজান শুরু হওয়ার পর পাশের জেলা ও উপজেলা থেকে প্রচুরসংখ্যক মানুষ বিভাগীয় শহর সিলেটে ঈদের কেনাকাটা করতে আসছে। নগরে মানুষের উপস্থিতি বেড়ে যাওয়ার কারণেই মূলত যানজট দেখা দিচ্ছে। তবে নগরের অধিকাংশ বিপণিবিতান ও হাসপাতালে পার্কিং সুবিধা না থাকায় মানুষজন রাস্তার মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে রাখছে, এতেও যানজট দেখা দিচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরের বন্দরবাজার, সুরমা মার্কেট, ডাকঘর রোডসহ গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করার ফলে যানজটের কবলে পড়া মানুষ অন্তত এবার ফুটপাত দিয়ে হাঁটতে পারছে। তবে নগরের ব্যস্ততম এলাকার অসংখ্য বিপণিবিতানে পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় এই ঈদের মৌসুমে যানজট তীব্র রূপ নিয়েছে। তবে রাস্তায় যেন যত্রতত্র কেউ গাড়ি পার্ক করে রাখতে না পারে, সেটি সিটি করপোরেশন কর্তৃপক্ষ নজরদারিতে রাখছে।