তীব্র যানজটে নাকাল যাত্রীরা
চট্টগ্রাম নগরের প্রবেশপথ সিটি গেট থেকে সীতাকুণ্ড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৫ কিলোমিটার অংশে গতকাল বুধবার ছিল তীব্র যানজট। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
গত মঙ্গলবার রাতে একজন ব্যবসায়ী গাড়িচাপায় নিহত হওয়ার পর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয়। ওই দিন রাতে শুরু হওয়া যানজট গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাটেনি। তীব্র যানজটের কারণে সড়কপথের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার কাছে স্থানীয় মাংস ব্যবসায়ী হায়দার আলী সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপর এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। অবরোধের স্থায়িত্ব ছিল আধা ঘণ্টার মতো। একই সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছিল। এতে জলিল গেট এলাকায় সম্প্রসারিত চার লেন সড়কের মাটি বৃষ্টির পানিতে মূল সড়কে গিয়ে পড়ে। ফলে রাস্তায় কাদামাটি জমাট বেঁধে গেলে গাড়ি আটকা পড়ে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, যানজট সৃষ্টির অন্যতম কারণ অতিবর্ষণ। বৃষ্টির পানিতে সম্প্রসারিত সড়কের মাটি মূল সড়কে চলে আসায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারছিল না। ফলে যানজটের সৃষ্টি হয়।
এদিকে গতকাল সকালে সীতাকুণ্ডের কুমিরার সুলতানা মন্দির এলাকায় একটি কাভার্ড ভ্যান দুর্ঘটনার শিকার হয়। গতকালের এই দুর্ঘটনা যানজটের মাত্রা আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে ছোট কুমিরা থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত দুই কিলোমিটার পথে কয়েক ঘণ্টার জন্য গাড়ির চাকা ঘোরেনি।
মঙ্গলবার বেলা সোয়া একটায় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে সড়কপথে যাত্রা করেন চট্টগ্রাম কমার্স কলেজের সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ। তিনি চট্টগ্রামের দামপাড়ায় এসে পৌঁছান রাত দেড়টায়। তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় আমাদের গাড়ি সীতাকুণ্ডে এসে থেমে যায়। সেখানে অন্তত ছয় ঘণ্টা আমরা আটকা পড়ি।’
গতকাল সকালে চট্টগ্রাম নগর থেকে স্ত্রী-সন্তান নিয়ে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করেছিলেন আবু তাহের। শহরতলির সিটি গেটে অসহনীয় যানজট দেখে তিনি আবার ফিরে যান। তিনি বলেন, ‘গাড়িতে উঠেই সিটি গেট পর্যন্ত চলে যাই। এরপর ধীরগতিতে গাড়ি চলছিল। সীতাকুণ্ড পর্যন্ত এই যানজট ছিল বলে আমরা খবর পাই। তাই গাড়ি থেকে নেমে আবার শহরের বাসায় ফিরে যাই।’
ভাটিয়ারীর বানুর বাজার এলাকার বাসিন্দা এম সেকান্দর হোসাইন বলেন, ‘মঙ্গলবার রাতে নগরের কর্নেলহাট থেকে গাড়িতে ওঠি। ভাটিয়ারী পর্যন্ত ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগেছে চার ঘণ্টা।’ সন্ধ্যায় বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান বলেন, গাড়ি থেমে থেমে চলছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।