তীব্র যানজটে স্থবির ঢাকা
ইঞ্জিনে গর্জন তুলে এগোতে শুরু করল গাড়ি । চাকা এক পাক না ঘুরতেই ক্যাঁচ করে ব্রেক। কয়েক মিনিট নড়াচড়া বন্ধ। আবারও কয়েক ফুট এগোনো। গতকাল রোববার রাজধানীর রাস্তাগুলোর অবস্থা ছিল এ রকম। এভাবেই থেমে থেমে চলেছে গাড়িগুলো। প্রায় স্থবির হয়ে পড়েছিল গতকালের রাজধানী। যাত্রীদের দুর্ভোগ ছিল অবর্ণনীয়।অথচ গতকাল থেকেই নগরের যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। অভিযানের প্রথম দিনে গতকাল ৮১২টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে।পুলিশ জানায়, রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে নগরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রাখা, রমনা থানার সামনে দুর্ঘটনায় একটি কাভার্ড ভ্যান অচল হয়ে পড়া এবং বাংলামোটর মোড়ে ট্রাকের ধাক্কায় থাম ভেঙে পড়ার কারণে যান চলাচল চরমভাবে বিঘ্নিত হয়। এ ছাড়া বৃষ্টির কারণেও রাজপথে গতি ছিল ধীর।গতকাল সকাল থেকেই নগরের বিভিন্ন সড়কে শুরু হয় যানজট। লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে গাড়িগুলো। বাস থামার জায়গাগুলোতে দীর্ঘ সময় ধরে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। ভ্যাপসা গরমে প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয় সকালবেলা অফিসগামী চাকুরে ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের।নগরের মিরপুর সড়ক, ধানমন্ডি, আজিমপুর-সায়েন্সল্যাবরেটরি, মহাখালী, বিজয় সরণি, তেজগাঁও সাতরাস্তা হয়ে মগবাজার, মৌচাক-মালিবাগ, কাকরাইল, পল্টন, মতিঝিল, সায়েদাবাদ যাত্রাবাড়িসহ গোটা শহরেই ছিল তীব্র যানজট। মহানগর পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত শনিবার রাতে মগবাজার-কাকরাইল সড়কের রমনা থানার সামনে একটি মালভর্তি কাভার্ড ভ্যান দুর্ঘটনায় অচল হয়ে যায়। রেকার দিয়েও ভ্যানটি সরানো সম্ভব হয়নি। পরে গতকাল সকালে ভ্যানটির মালামাল নামিয়ে দুপুরে সেটি রাস্তা থেকে সরানো হয়। এ ছাড়া গতকাল রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে ওসমানী মিলনায়তনে যাতায়াত করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে সচিবালয়ে ও গণভবন থেকে ধানমন্ডির ৩২ নম্বরে যাতায়াত করেছেন। রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ এসব ব্যক্তির কারণে কিছু কিছু সড়ক কিছুক্ষণ করে বন্ধ ছিল। এদিকে গতকাল ভোরে বাংলামোটর মোড়ে ট্রাকের সঙ্গে তার পেঁচিয়ে পাঁচটি থাম ভেঙে পড়ে। রাস্তাজুড়ে পড়ে থাকে তার। এ কারণে দিনভর বন্ধ ছিল সোনারগাঁও লিংক রোড।উপরন্তু বৃষ্টির কারণেও যানবাহনের গতি ছিল কিছুটা ধীর। এসব কারণেই যানজট ‘একটু বেড়েছে’ বলে জানান নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা।যানজটে নাকাল: প্রায় আড়াই ঘণ্টা বাসে বসে থাকার পর দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থেকে মতিঝিলে পৌঁছেন এক বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মনির হোসেন। ঘেমেনেয়ে একাকার। ধোপদুরস্ত পোশাক নোংরা হয়ে গিয়েছে। এ রকম অবস্থা অনেকেরই।পুলিশের অভিযান: পুলিশ জানায়, বিশেষ অভিযানে গতকাল বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে মোট ৮১২টি মামলা হয়েছে। এ সময় নগদ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১১টি ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। বিভিন্ন গুরুতর অপরাধের জন্য ১৩টি গাড়ি ও দুজন চালককে আটক করা হয়েছে।এদিকে নগরের ১৩টি পয়েন্টে পুলিশের একজন উপকমিশনারের নেতৃত্বে কাজ করেছে বিশেষ দল। এসব দলে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরাও ছিলেন।