তীব্র যানজটের কবলে ঘরমুখী মানুষ

ঈদ ও পূজা সামনে রেখে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকা ছেড়ে নিজ নিজ জেলার উদ্দেশে রওনা হয়েছে মানুষ। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকেও কোরবানির পশু আসছে রাজধানী ও চট্টগ্রামে। এর ফলে দেশের মহাসড়কগুলোতে অতিরিক্ত গাড়ির চাপে যানজট দেখা দিয়েছে। গাড়ির চাপ বাড়ায় মহাসড়কে ঘটেছে বেশ কয়েকটি দুর্ঘটনা। এ কারণে বেড়েছে যানজট। মহাসড়কে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ঘরমুখী মানুষকে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
উত্তরবঙ্গগামী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের ৬০ কিলোমিটার এলাকায় যানজটের তীব্রতা সবচেয়ে বেশি। এ ছাড়া কালিয়াকৈর-নবীনগর সড়কেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিকেল চারটার পর থেকে যানজট আরও বাড়ছে বলে জানিয়েছেন আমাদের গাজীপুর প্রতিনিধি। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এর ফলে মধ্যরাত থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। গাড়ির চাপ বেশি থাকায় চালকেরা এলোমেলোভাবে বিভিন্ন লেনে গাড়ি ঢুকিয়ে দিচ্ছেন। এতে করে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে।
এদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ ভোরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ প্রায় পৌনে এক ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। যান চলাচল বন্ধ থাকায় এ সময় উভয় দিকে ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় মহাসড়কে খানাখন্দের কারণে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এ কারণে এসব এলাকায়ও বেশ যানজট রয়েছে।
বগুড়া থেকে ট্রাকে করে গরু নিয়ে ঢাকার গাবতলী পশুর হাটে যাচ্ছেন ব্যবসায়ী মঈন উদ্দিন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, সময়মতো না পৌঁছাতে পারলে গরুগুলো অসুস্থ হয়ে পড়তে পারে।
মুঠোফোন কোম্পানির প্রকৌশলী আসাদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত ১০টার দিকে তিনি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। গাজীপুরের চন্দ্রা পার হতে দীর্ঘ সময় লেগেছে। এরপর চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত পৌঁছাতে সকাল হয়ে গেছে। মহাসড়কে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ তাঁর।

টাঙ্গাইলের করটিয়া এলাকার মুঠোফোন ব্যবসায়ী ফজলু মিয়া জানান, যানজটের কারণে গাড়িগুলোকে ওই এলাকায় ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যানজট নিরসনে মহাসড়ক পুলিশ, সংশ্লিষ্ট থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ কাজ করছে। তবে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকায় পুলিশও অসহায় হয়ে পড়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম বলেন, মহাসড়কে ধারণক্ষমতার ২০ গুণের বেশি যানবাহন চলাচল করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতে ট্রাকচালকেরা ট্রাক থামিয়ে বিশ্রাম নেওয়ার কারণে যানজট বৃদ্ধি পেয়েছে। যানবাহনের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে বলে জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টা পর্যন্ত সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে বারআউলিয়া পর্যন্ত মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় এ যানজট ছড়িয়ে পড়ে। পরে বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এদিকে মহাসড়কগুলোতে যানজটের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গরু ব্যবসায়ীরা।
কুমিরার গরু ব্যবসায়ী সাহাবউদ্দীন বলেন, তিন ট্রাক গরু নিয়ে গতকাল পতেঙ্গা গরুর হাটের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সন্ধ্যায়ই গরুর খাবারের সংকট দেখা দিয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘চালকেরা এলোপাতাড়ি গাড়ি চালিয়ে যানজটের সৃষ্টি করছেন। তাঁরা একটু ধৈর্য ধরলে এ যানজটের সৃষ্টি হতো না। রাত থেকে যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদিকে যান চলাচল স্বাভাবিক করলে কিছু দূর গিয়ে আবার যানজটের সৃষ্টি হচ্ছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন চিকিত্সক আহত হন। এর আগে ভোর রাতে মেঘনা-গোমতী সেতুর ওপর ঢাকাগামী ট্রাকের চাকা ফেটে যায়। পরে মহাসড়কের চান্দিনার হাড়িখোলায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ও চট্টগ্রামগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুপুরে দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাইয়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এসব দুর্ঘটনার পর থেকে মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঢাকা থেকে কুমিল্লগামী মতলব এক্সপ্রেসের বাসের যাত্রী যমুনা দাস, স্মৃতি সরকার, প্রীতি সরকার ও সৈয়দ আবুল হাসান বলেন, ‘সকাল সাতটায় ঢাকার সায়েদাবাদ থেকে বাসে উঠে পথে পথে যানজটে আটকা পড়ে দুপুর একটায় দাউদকান্দির গৌরীপুরে পৌঁছেছি। কুমিল্লা থেকে দাউদকান্দিগামী পাপিয়া পরিবহনের বাসের যাত্রী চান্দিনার খাদঘর গ্রামের কবির মিয়া বলেন, স্ত্রী বিউটি, তিন বছরের ছেলে জাহিদ, পাঁচ বছরের মেয়ে মিশু, বৃদ্ধা মা মরিয়ম বেগমকে নিয়ে দাউদকান্দির গৌরীপুরে রওয়ানা দিয়ে দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে খুবই সমস্যায় আছি।’
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন গোলাম মর্তুজা (ঢাকা), মাসুদ রানা (গাজীপুর),
সোহেল মোহসীন শিপন (মির্জাপুর), কৃষ্ণ চন্দ্র দাস (সীতাকুণ্ড) ও মো: আবদুর রহমান ঢালী (দাউদকান্দি)