তীব্র লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনে হামলার চেষ্টা করেছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে উপজেলায় তীব্র লোডশেডিং চলছে। বিদ্যুতের অভাবে কৃষকেরা জমিতে সেচ দিতে পারছেন না। এদিকে গত শনিবার থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জেও তীব্র লোডশেডিং চলছে।
পল্লী বিদ্যুতের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা সাবস্টেশন সূত্রে জানা গেছে, বর্তমানে এই সাবস্টেশনে বিদ্যুতের চাহিদা দৈনিক সাত মেগাওয়াট। কিন্তু বগুড়া গ্রিড থেকে তারা পাচ্ছে মাত্র দুই মেগাওয়াট। চলতি মৌসুমে বৃষ্টি না থাকায় গভীর-অগভীর নলকূপগুলো চালু রয়েছে। পাশাপাশি প্রচণ্ড গরমের কারণেও বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে।
গত রোববার ১২টার দিকে স্থানীয় লোকজন সাবস্টেশনে হামলার চেষ্টা করেন। তাঁরা সাবস্টেশনের ফটকে ধাক্কাধাক্কি করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলার হেরাকুলা গ্রামের ব্যবসায়ী তৈবুর রহমান বলেন, তিন দিন ধরে গড়ে রাতে দুই ঘণ্টা এবং দিনে দুই ঘণ্টা করে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
দুর্গাপুর গ্রামের গভীর নলকূপের মালিক কাজল হোসেন বলেন, ‘একে তো বৃষ্টি নাই, তার মধ্যে নাই বিদ্যুৎ। আমরা বিপদে পড়েছি আমন ধান নিয়ে। দিনে-রাতে কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি, যা দিয়ে জমিতে সেচ পর্যন্ত দেওয়া যাচ্ছে না।’
ইটাখোলা সাবস্টেশনের দায়িত্বে থাকা প্রকৌশলী রিজার্ভ চৌধুরী বলেন, চাহিদার চেয়ে সরবরাহ অনেক কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে। তবে বৃষ্টি হলেই এ সমস্যার সমাধান হবে।
রায়গঞ্জ উপজেলার বাসিন্দারা জানান, গরম বাড়ার সঙ্গে সঙ্গে শনিবার থেকে উপজেলায় ব্যাপক লোডশেডিং দেওয়া হচ্ছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এলাকাবাসী জানান, গত ২৪ ঘণ্টায় প্রায় ১২ ঘণ্টাই ছিল বিদ্যুৎবিহীন। শনিবার রাত থেকে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে।
উপজেলার ধানগড়া এলাকার গৃহবধূ জাহানারা বেগম বলেন, প্রচণ্ড গরমে আর বিদ্যুতের ঘন ঘন যাওয়া-আসায় জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ধানগড়া বাজারের ব্যবসায়ী শাহিনুল ইসলাম বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকায় কাজ বন্ধ হওয়ার পথে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূঁইয়াগাতী আঞ্চলিক কার্যালয় থেকে জানা গেছে, রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশ থানা এলাকায় বিদ্যুতের চাহিদার পরিমাণ ১৪ মেগাওয়াট। সেখানে দুই দিন ধরে সরবরাহ করা হচ্ছে পাঁচ-ছয় মেগাওয়াট করে। ফলে লোডশেডিং বেড়ে গেছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. নিয়াজ উদ্দিন বলেন, সরবরাহ কমে যাওয়ায় লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে।