তীব্র লোডশেডিংয়ে ধান আলু নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে আমনের ভরা মৌসুমে একদিকে প্রচণ্ড খরা, আরেকদিকে লোডশেডিংয়ে ফসল রক্ষা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষক। তীব্র লোডশেডিংয়ে বিদ্যুচ্চালিত গভীর নলকূপগুলো বন্ধ থাকায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। লোডশেডিংয়ের কারণে বিপাকে আছেন হিমাগারের মালিকেরাও।
এই অবস্থায় বিদ্যুতের দাবিতে গত বুধবার জয়পুরহাট প্রেসক্লাবে হিমাগারের মালিক, জেলা গভীর নলকূপ মালিক ও কৃষক কল্যাণ বহুমুখী সমিতি এক সংবাদ সমেঞ্চলন করেছে।
সংবাদ সমেঞ্চলনে ক্ষেতলালের মোল্লা হিমাগারের মালিক মোখলেছুর রহমান অভিযোগ করেন, ১০ থেকে ১২ দিন ধরে তাঁরা দিনে চার থেকে পাঁচ ঘণ্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন। লোডশেডিংয়ের কারণে হিমাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারায় এখানে রক্ষিত আলুতে চারা গজাতে শুরু করেছে। কালাইয়ের পুনট হিমাগারের ব্যবস্থাপক বিপ্লব ঘোষ জানান, জেলার ১৫টি হিমাগারে ১৫-১৮ লাখ বস্তা আলু রক্ষিত আছে।
জেলা গভীর নলকূপ মালিক সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করেন, ভয়াবহ লোডশেডিংয়ে তাঁরা গভীর নলকূপ চালাতে পারছেন না।
সদর উপজেলার কমর গ্রামের কৃষক আবদুর রশিদ ও হালট্টি গ্রামের বাবু হোসেন জানান, সেচের জন্য প্রতি বিঘায় ৬০০ টাকা করে নলকূপ মালিককে দিতে হচ্ছে। কিন্তু গভীর নলকূপ মালিকেরা যন্ত্র চালু করলেও বিদ্যুতের অভাবে পর্যাপ্ত পানি ওঠাতে পারছেন না। ফলে জমিতে পানি পৌঁছাচ্ছে না।
পল্লী বিদ্যুৎ সমিতি আক্কেলপুরের উপমহাব্যবস্থাপক এবং জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক নূরুল ইসলাম সরকার জানান, জেলায় পল্লী বিদ্যুতের চাহিদা ৩০ মেগাওয়াট। তাঁরা পান মাত্র ১৫-১৬ মেগাওয়াট। ক্ষেতলালের ইটাখোলা সাবস্টেশনে অধীনে বিদ্যুতের চাহিদা নয় মেগাওয়াট। সেখানে সরবরাহ হচ্ছে মাত্র দুই থেকে আড়াই মেগাওয়াট। অথচ কালাই ও ক্ষেতলালেই রয়েছে ১২টি হিমাগার। এগুলোর জন্যই দুই মেগাওয়াট বিদ্যুৎ দরকার। এই অবস্থায় লোডশেডিং দেওয়া ছাড়া উপায় নেই।
জয়পুরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী মঞ্জুরুল হক জানান, জয়পুরহাটে পিডিবির চাহিদা প্রায় নয় মেগাওয়াট। সেখানে তাঁরা চার মেগাওয়াট সরবরাহ পাচ্ছেন।