রংপুর মেডিকেল কলেজে ১৮৯ জন শিক্ষকের পদ থাকলেও এর মধ্যে ৬৭টি পদ শূন্য। এর ফলে শিক্ষা-কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষক-সংকটের পাশাপাশি কলেজটিতে রয়েছে অবকাঠামোগত সমস্যা।শিক্ষক-সংকটে শিক্ষা-কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে কলেজের অধ্যক্ষ মো. আবদুর রউফ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, শিক্ষকের শূন্যপদের তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। কলেজ সূত্র জানায়, কলেজে ৩৮টি বিভাগের পাঁচটি বর্ষে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার ১০০। কিন্তু সেই অনুপাতে নেই শিক্ষক। পদ থাকলেও ১৪টি বিভাগ দীর্ঘদিন ধরে অধ্যাপক-শূন্য রয়েছে। এই বিভাগগুলো হলো সার্জারি, গাইনি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, মেডিসিন, ইএনটি, শিশু, নিউরো-মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন, শিশু সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, অ্যান্ড্রোক্রাইনোলজি ও হেমাটোলজি।কলেজ সূত্র জানায়, ফরেনসিক মেডিসিন বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকের একটি করে পদ থাকলেও সেখানে রয়েছেন মাত্র একজন অধ্যাপক। এ ছাড়া এই বিভাগে তিনজন প্রভাষকের মধ্যে আছেন একজন।মেডিসিন বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকের ১৪টি পদ থাকলেও আছেন মাত্র সাতজন। সার্জারি বিভাগে ছয়জনের স্থলে আছেন তিনজন।মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জাকির হোসেন বলেন, শূন্যপদগুলো পূরণ করা এখন জরুরি হয়ে পড়েছে।এ ছাড়া নিউরো মেডিসিন, রক্ত পরিসঞ্চালন ও রেডিওলজি বিভাগ চলছে একজন করে সহকারী অধ্যাপক দিয়ে।রেডিওলজি বিভাগের একমাত্র সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, ‘অনেক দিন ধরে ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছি। অন্য পদগুলো শূন্য থাকায় শিক্ষা-কার্যক্রমে সমস্যা হচ্ছে।’হেমাটোলজি বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকের তিনটি পদের মধ্যে মাত্র একজন সহকারী অধ্যাপক রয়েছেন।গাইনোকলজি বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক মিলে ১০টি পদ আছে। কিন্তু সেখানে রয়েছেন মাত্র পাঁচজন সহকারী অধ্যাপক।তীব্র শিক্ষক-সংকটের কথা উল্লেখ করে কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশফাকুল হক ও সঞ্জয় সরকার বলেন, শিক্ষক-সংকট দূর হলে পড়াশোনায় গতি আসবে। আর অধ্যাপকের পদগুলো পূরণ করা খুবই জরুরি। রয়েছে অবকাঠামোগত সমস্যা: শিক্ষকস্বল্পতার পাশাপাশি কলেজে অবকাঠামোগত সমস্যাও রয়েছে। কলেজে ৩৮টি বিভাগের জন্য লেকচার থিয়েটার রয়েছে মাত্র চারটি। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, প্রয়োজনের তুলনায় তা অনেক কম। এ ছাড়া প্রতিটি বিভাগের জন্য পাঁচটি করে শ্রেণীকক্ষের প্রয়োজন হলেও রয়েছে মাত্র দুটি করে কক্ষ।জানা গেছে, কলেজের অবকাঠামোগত উন্নয়নে তিন কোটি টাকা ব্যয়ে গত বছর ভবন সম্প্রসারণের কাজ শুরু করা হয়। কিন্তু অর্থ বরাদ্দ না হওয়ায় অর্ধেক কাজ হওয়ার পর কাজ থেমে আছে।অধ্যক্ষ মো. আবদুর রউফ প্রথম আলোকে জানান, বন্ধ হয়ে যাওয়া ভবন সম্প্রসারণের কাজ চালু করার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।