হাতিয়া দ্বীপ সরকারি কলেজে শিক্ষকের ৫১টি পদের মধ্যে ৩৬টিই শূন্য। কলেজটিতে অর্থনীতি, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, দর্শন ও পরিসংখ্যানের কোনো শিক্ষকই নেই। ফলে কলেজটিতে শিক্ষা-কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে কলেজের প্রধান সহকারী ও হিসাব রক্ষকের দায়িত্ব পালন করছেন একজন এমএলএসএস।২০০৫ সাল থেকে কলেজটিতে পরিসংখ্যান বিভাগে কোনো শিক্ষক নেই। অন্যদিকে ২০০৯ সাল থেকে পদার্থবিদ্যা, অর্থনীতি ও দর্শন বিভাগেও কোনো শিক্ষক নেই। সম্প্রতি প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষক বদলি হয়ে গেলে ওই বিভাগটিও শিক্ষকশূন্য হয়ে পড়ে। ১৯৯৬ সাল থেকে প্রদর্শকদের চারটি এবং শরীরচর্চা শিক্ষক ও গ্রন্থাগারিকের দুটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া অধ্যক্ষের পদ দেড় বছর এবং উপাধ্যক্ষের পদ দুই বছর ধরে শূন্য রয়েছে। বর্তমানে কলেজটিতে ১৫ জন শিক্ষক কর্মরত আছেন।এ ছাড়া প্রধান সহকারী, হিসাবরক্ষক ও ঝাড়ুদারের একটি করে এবং এমএলএসএসের তিন, নৈশপ্রহরীর এক ও দক্ষ বেয়ারার চারটি পদ শূন্য রয়েছে।কলেজ কার্যালয় সূত্র জানায়, এমএলএসএস মোস্তাফিজুর রহমান (অষ্টম শ্রেণী) প্রধান সহকারী ও হিসাব রক্ষক, এমএলএসএস দেবাশীষ পাল (বিএ) গ্রন্থাগারিক, এমএলএসএস নেছার উদ্দিন (বিএ) হিসাব সহকারী এবং এমএলএসএস সাইফুল মালেক (এইচএসসি) নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটরের দায়িত্ব পালন করছেন। এমএলএসএস পদে নিয়োগপ্রাপ্ত লোকজন দাপ্তরিক কাজ করছেন—এটা স্বীকারও করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।কলেজটিতে উচ্চ মাধ্যমিকে ৪০৪ এবং স্নাতক শ্রেণীতে ৪৪৩ জন শিক্ষার্থী রয়েছে।উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসলিমা, ফরিদা ইয়াছমিন, তাহমিনা ও ফাহিমা জানান, শিক্ষক না থাকায় পদার্থবিদ্যার কোনো ক্লাসই হয় না। এ ছাড়া অন্যান্য বিষয়েও নিয়মিত ক্লাস হয় না।স্নাতক প্রথম বর্ষের ছাত্র ইরাজ, বিটু ও হাসান মাহমুদ জানান, শিক্ষক-সংকটের কারণে অর্থনীতি ও দর্শনের ক্লাস হয় না। অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের অভিযোগও একই ধরনের।শিক্ষার্থীদের অভিযোগ, তিনজন শিক্ষক ছাড়া অধিকাংশ শিক্ষকই বেশির ভাগ সময় হাতিয়ার বাইরে থাকেন। মাসের শেষ সপ্তাহে এসে পরের মাসের প্রথম সপ্তাহে বেতন নিয়ে তাঁরা বাড়ি চলে যান। আবার যাঁরা আসেন না তাঁদের বেতন ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক শিক্ষার্থীদের এসব অভিযোগ স্বীকার করেন। তবে অপর একজন শিক্ষক তা অস্বীকার করেন।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ কুমার পাল শিক্ষকদের অনুপস্থিতি সম্পর্কে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেন।কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, কলেজটিতে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলে তাঁদের অনেকেই যোগদান করেই বাড়ি চলে যান। পরে একসময় তাঁরা বদলি হয়ে অন্য কলেজে চলে যান। তিনি আরও বলেন, ১৯৭৯ সালে জাতীয়করণের পর থেকেই কলেজটিতে এ অবস্থা চলে আসছে।অধ্যক্ষ দিলীপ কুমার পাল প্রথম আলোকে বলেন, শিক্ষক, প্রদর্শক, গ্রন্থাগারিক ও কর্মচারীদের অনেক পদ বছরের পর বছর ধরে শূন্য থাকা ও অন্যান্য সমস্যার কারণে শিক্ষার্থীদের লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে। তিনি জানান, কর্মরত ১৫ জন শিক্ষকের মধ্যে দুই-তিনজন বর্তমানে ছুটিতে আছেন।