তীব্র শিক্ষক-সংকটে শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপকের পদ রয়েছে ২৭টি, আছেন তিনজন। সহযোগী অধ্যাপক থাকার কথা ৪৪ জন, আছেন একজন। অর্থাৎ ৭১ জন শিক্ষকের বিপরীতে রয়েছেন মাত্র চারজন। শুধু তা-ই নয়, ৫৯ জন সহকারী অধ্যাপকের বিপরীতে আছেন মাত্র তিনজন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদও চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। এই পরিস্থিতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের। এই অবস্থায় শিক্ষাকার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। কলেজ সূত্রে জানা যায়, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহ মেডিকেল কলেজ দেশের ‘এ’ ক্যাটাগরির পুরোনো আটটি মেডিকেল কলেজের একটি। কলেজটিতে এমবিবিএস (স্নাতক) কোর্সের বিভিন্ন ব্যাচে আছেন এক হাজার ৭৭ জন শিক্ষার্থী। তা ছাড়া ২৭টি স্নাতকোত্তর কোর্সে ১২৮ জন শিক্ষার্থী রয়েছেন।সূত্র জানায়, বর্তমানে কলেজের এমবিবিএস (স্নাতক) কোর্সের ৩৮টি বিভাগের মধ্যে কেবল মাইক্রোবায়োলজি, সার্জারি ও এনেসথেসিওলজি বিভাগে একজন করে অধ্যাপক এবং এনেসথেসিওলজি বিভাগে একজন সহযোগী অধ্যাপক রয়েছেন। এ ছাড়া অন্য বিভাগগুলো চলছে সহকারী অধ্যাপক ও প্রভাষকদের দিয়ে।এমবিবিএস (স্নাতক) কোর্সের পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের অভিযোগ, তৃতীয় ও চতুর্থ বর্ষে ফরেনসিক মেডিসিন বিষয়ে তাঁদের কোনো ক্লাস হয়নি। মেডিসিন বিষয়ে ৬০টি ক্লাস হওয়ার কথা থাকলেও ১০-১২টি ক্লাস হয়েছে। এমন গুরুত্বপূর্ণ দুটি বিভাগে কোনো অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নেই।স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, স্নাতকোত্তর কোর্সে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকমণ্ডলীদের ক্লাস ও পরীক্ষা নেওয়ার কথা। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক না থাকায় কম অভিজ্ঞ শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন, ‘দেশের এমন বড় একটি প্রতিষ্ঠানের চিত্র এমন হওয়া কাম্য নয়। আমরা অনেক আশা নিয়ে আমাদের সন্তানদের এখানে ভর্তি করিয়েছি।’ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ও কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান ভূঁইয়া জানান, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের সংকট চরম আকার ধারণ করেছে। এই অবস্থা দীর্ঘ মেয়াদে চললে কলেজ ও হাসপাতালে বিশেষায়িত শিক্ষা ও সেবাকার্যক্রম স্থবির হয়ে যেতে পারে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম কলেজ সূত্রের দেওয়া তথ্যগুলোর সত্যতা নিশ্চিত করেন। তিনি অভিযোগ করেন, প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কিছু হচ্ছে না। তার পরও শূন্য পদ পূরণের জন্য চেষ্টা চালানো হচ্ছে।আমিনুল ইসলাম বলেন, কলেজে কর্মরত প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের চলতি দায়িত্বে নিয়োগ দিয়ে শিক্ষাকার্যক্রম কোনো রকমে চালিয়ে নেওয়া হচ্ছে।