তীব্র শীত, আবার কষ্ট
আবার শুরু হয়েছে তীব্র শীত। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই শীতে আবার কাতর হয়ে পড়েছে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার দুস্থ ও হতদরিদ্র মানুষ। সারা দিন সূর্যের দেখা মেলেনি। সরকারিভাবে এখন পর্যন্ত বদরগঞ্জে ৪২০টি ও তারাগঞ্জে ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে। বদরগঞ্জের চিকলী নদীর চর ঘেঁষে অবস্থিত জেলেপাড়া গ্রামের জুলেখা বেগম (৭০) কাঁপতে কাঁপতে বলেন, ‘মরণ ঠান্ডা পালে যায়া ফির ঘুরি আইল। এই ঠান্ডা কয় দিন থাকপে?’আমরুলবাড়ী গ্রামের আফলাতুন নেছা (৭৫) বলেন, ‘ঠান্ডাত কলজা শুদ্দা কাঁপোছে।’ তারাগঞ্জের ইকরচালি গ্রামের বিধবা সহিদা বেগম (৬০) বলেন, ‘হামার কম্বল নাই। ঠান্ডা সহ্য করি থাকায় যাওচে না।’তারাগঞ্জের সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ‘কয়েক দিন আগে ঠান্ডা কমে যাওয়ায় আরামে ছিলাম। এখন ঠান্ডা শুরু হওয়ায় গতকাল থেকে আবার লোকজন শীতের কাপড়ের জন্য বাড়িতে ভিড় করছে। সরকারিভাবে বরাদ্দ নেই, পড়েছি মহাবিপদে।’ বদরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাজ্জাজুল আলম প্রামাণিক বলেন, ‘নদীর তীরবর্তী গ্রামগুলোর মানুষের কষ্টের সীমা নেই। হিমেল হাওয়ায় গরিব মানুষ শীতবস্ত্রের অভাবে কাতর হয়ে পড়েছে।’ তারাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আযম বলেন, সরকারিভাবে বরাদ্দ পাওয়া ২০০টি কম্বল অনেক আগে বিতরণ করা হয়েছে।বদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘বরাদ্দ পাওয়া ৪২০টি কম্বল ইতিমধ্যে অসহায় মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেছি।’