তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরোর বীজতলার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের কৃষক ইমরান গাজী এবার ছয় বিঘা জমিতে বোরো ধান আবাদ করতে চেয়েছিলেন। এ জন্য তিনি ব্রি-২৮ জাতের ২৭ কেজি ধানবীজ দিয়ে বীজতলা তৈরি করেন। চারাও গজিয়েছিল ভালো। কিন্তু তীব্র শীত এবং ঘন কুয়াশায় তাঁর বীজতলার সব চারা মরে গেছে।ইমরান গাজী বলেন, ‘আমার সব পাতো (ধানের চারা) মরে সাফ হয়ে গেছে। যাঁদের একটু-আধটু পাতো বাঁচে আছে, তাঁরা কেজিপ্রতি ৫০০ টাকা করে দাম চাচ্ছে। এত টাকা দিয়ে পাতো কিনে এবার বোধ হয় আর ধান চাষ করা হবে না।’তীব্র শীত ও ঘন কুয়াশায় উপজেলার অনেক স্থানে ইমরান গাজীর মতো অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে উপজেলার অনেক কৃষক বোরো আবাদ করতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন।উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস জানান, তীব্র শীত ও ঘন কুয়াশায় ঠান্ডাজনিত রোগে (কোল্ড ইনজুরি) বীজতলা আক্রান্ত হলে চারাগুলো সাদা হয়ে যায় ও পরে শুকিয়ে মরে যায়।অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, অনেক কৃষক রবিশস্যের আবাদের পর সেই জমিতে বোরো ধান চাষ করবেন। এ কারণে কৃষকেরা বীজতলাও তৈরি করেছেন দেরিতে। ওই বীজতলাগুলোর চারা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। এ সমস্যা সমাধানে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে কৃষককে পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া বীজতলায় তরল সার ছিটানোর পরামর্শ দেওয়া হচ্ছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার এই উপজেলায় ১৪ হাজার ২৫৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য কৃষকেরা ৯৪০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন। গত ৩০ নভেম্বর ছিল বীজতলা তৈরির শেষ সময়। কিন্তু গত মাসের মাঝামাঝি তীব্র শীত ও ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে বেশির ভাগ বীজতলা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। তবে এ পর্যন্ত কী পরিমাণ জমির বীজতলা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে, তা জানা যায়নি। ধোপাদী গ্রামের কৃষক আবুল বাশার মোল্লা বলেন, ‘সাড়ে তিন বিঘা জমিতে চাষের জন্য আমি ২০ কেজি ব্রি-২৮ জাতের ধানের বীজতলা তৈরি করেছিলাম। ঠান্ডায় আমার বীজতলার সব চারা মরে গেছে।’ অভয়নগর গ্রামের কৃষক ভজহরি বর্মণ বলেন, ‘২০ কেজি ধানের বীজতলা তৈরি করেছিলাম। আমার বীজতলার অর্ধেকের বেশি চারা ঠান্ডায় মরে গেছে।’