তীব্র শীত নিয়ে এসেছে পৌষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ঋতুক্রমে পৌষেই শীতকাল শুরু। এবার ঠিক সেই শীতের উত্তুরে হাওয়ায় ভর করে এসেছে পৌষ। আজ পয়লা পৌষ। শীতের তীব্রতাও তা জানান দিচ্ছে সারা দেশে।গতকাল বুধবার দেশের বেশির ভাগ এলাকার দিনের তাপমাত্রা কমেছে আগের দিনের চেয়ে ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আকাশজুড়ে ছিল মেঘ। দৃষ্টিসীমা ছিল কুয়াশার চাদরে ঢাকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবারও দেশের বেশির ভাগ এলাকায় শীতের তীব্রতা অব্যাহত থাকবে। উত্তর ও মধ্যাঞ্চলে রাতের তাপমাত্রা কমে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তবে দু-এক দিনের মধ্যে আবারও তাপমাত্রা বাড়বে। মাসের শেষ সপ্তাহে আবার একটি মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে। আবহাওয়াবিদ বজলুর রহমান জানিয়েছেন, ভারতের বিহার ও ওডিশা থেকে একটি শীতল বায়ুপ্রবাহ বাংলাদেশের উত্তর, মধ্য ও পশ্চিমাঞ্চলের ওপর বিস্তৃত হয়েছে। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ও সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ছিল কুয়াশা ও মেঘলা আকাশ। উত্তুরে হাওয়া প্রবাহিত হওয়ায় এখানেও দিনের তাপমাত্রা কমে যায়।দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৭ দশমিক ৮ এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।