তীব্র শীত, স্থবির জনজীবন
দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন থেকেই তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে গতকাল শুক্রবার শীতের তীব্রতা বেড়ে যায়। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাসে স্থবির হয়ে পড়ে জনজীবন। রাস্তাঘাটে জনসাধারণের চলাচল কমে যায়। চুয়াডাঙ্গায় গতকাল শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে। রবিশস্যেরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কাজ না থাকায় খেটে খাওয়া মানুষ পড়েছেন সংকটে। প্রয়োজনের তুলনায় সরকারিভাবে শীতবস্ত্র বরাদ্দের পরিমাণ খুব কম। ঢাকার বাইরে থেকে প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: জেলা সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত এক ব্যক্তি গতকাল মারা গেছেন। এর আগে গত মঙ্গলবার দুই শিশু মারা যায়। হাসপাতালের দুজন সেবিকা জানান, গতকাল দুপুরে শীতজনিত শ্বাসকষ্টে আক্রান্ত মতিয়ার রহমান (৩৬) নামের এক রোগী মারা গেছেন। শিশু ওয়ার্ডে ১৩ শয্যার বিপরীতে ৪৬টি শিশু চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই শীতজনিত রোগে আক্রান্ত। গত মঙ্গলবার হাসিনা খাতুন (২) এবং বাবু হোসেন (৫ দিন) নামের দুই শিশু শীতজনিত শ্বাসকষ্টে মারা যায়।
পঞ্চগড়: দিনমজুর, শ্রমিক এবং রিকশাচালকেরা শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না। শহরের রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি ও যান চলাচল কমে গেছে। বোরোর বীজতলা হলুদ বর্ণ ধারণ করে মারা যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পঞ্চগড়ের উপপরিচালক স ম আশরাফ আলী জানান, বোরো ধানের বীজতলা ও আলুর লেটব্রাইট রোগ ঠেকাতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে। সদর আধুনিক হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মনোয়ারুল ইসলাম জানান, গত দুই দিনে কোল্ড ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত অর্ধশত শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
ঠাকুরগাঁও: সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৪৫টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি শিশু ও বয়স্ক লোকজনকে গরম কাপড় পরার পাশাপাশি বাসি ও ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন। জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, ৩০ হাজার কম্বলের চাহিদা থাকলেও সরকারিভাবে ১১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
ফরিদপুর: তীব্র শীতের কারণে ফরিদপুরের চরাঞ্চলের দরিদ্র বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জেলার অনেক দিনমজুর কাজ না পেয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। গত বৃহস্পতিবার ও গতকাল জেলায় সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলায় এই তাপমাত্রা এই মৌসুমে সর্বনিম্ন বলে আবহাওয়া অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে। সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তাকুজামান বলেন, শীতের কারণে চর এলাকার লোকজন কর্মহীন হয়ে পড়েছেন। ডিক্রিরচর ইউপির চেয়ারম্যান সাদেকুজ্জামান বলেন, তাঁর এলাকায়ও কোনো শীতের পোশাক বিতরণ করা হয়নি। জেলা ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মনদীপ ঘরাই জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৫ হাজার ৭০০ কম্বল পাওয়া গেছে। এ ছাড়া জেলা প্রশাসনও ২০০ কম্বল কিনেছে। দ্রুত এ কম্বলগুলো শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে।
বদরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর): শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বদরগঞ্জ ও তারাগঞ্জের কমপক্ষে ৮৪ হাজার হতদরিদ্র। বদরগঞ্জে ৬০ হাজার এবং তারাগঞ্জে ২৪ হাজার হতদরিদ্র মানুষ রয়েছে বলে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে। তারাগঞ্জের পিআইও রেফাউল আজম বলেন, উপজেলায় হতদরিদ্র ২৪ হাজার মানুষের বিপরীতে মাত্র ১ হাজার ৯০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, কিছুদিন আগে বরাদ্দ পাওয়া দেড় হাজার কম্বল শীতার্ত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে। আরও ১৫ হাজার কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ীতে চার দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। প্রচণ্ড শীতের কারণে ব্যবসা-বাণিজ্যসহ জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। উপজেলায় সরকারিভাবে কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি। রেলওয়ে স্টেশনের ভাসমান বাসিন্দা আবদুস ছাত্তার (৬৫) বলেন, ‘আমগো বাবা কারা কাপড় দিব। আমরা গরিব। জারে (শীতে) কষ্টকরন লাগতাছে।’
শেরপুর: তীব্র শীতের কারণে গতকাল সন্ধ্যার পর জেলা শহরের রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যায়। দিনেও লোকজনের চলাচল ছিল সীমিত। সারা দিনই বাতি জ্বালিয়ে চলাচল করতে হয়েছে যানবাহনগুলোকে। সদর উপজেলার চরাঞ্চল ও ঝিনাইগাতী, শ্রীবরদী এবং নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়সংলগ্ন এলাকার দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষ তীব্র দুর্ভোগের শিকার হচ্ছেন বলে সেখানকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে।