তীব্র শীতে অসহায় আইলাদুর্গতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ অবর্ণনীয় কষ্ট পাচ্ছে। কয়েক দিন ধরে সূর্যের মুখ দেখা না যাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এর সঙ্গে ঠান্ডা বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন।সন্ধ্যার পর গ্রাম, এমনকি শহরেও মানুষের আনাগোনা চোখে পড়ে না। বৃদ্ধ ও শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে শীতে একজনের মৃত্যু হয়েছে।সাতক্ষীরা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ মে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে। এতে ওই সব এলাকার অনেক মানুষ সর্বস্বান্ত হয়ে পড়ে। এখনো সেসব মানুষ ঘুরে দাঁড়াতে পারেনি।শ্যামনগরের গাবুরা ইউনিয়নের শিক্ষক আবদুর রহমান জানান, আইলার পর থেকে এই এলাকায় ফসল হয় না। ফলে অধিকাংশ পরিবারের নুন আনতে পান্তা ফুরায় দশা। ঘরে খাবার নেই। এর সঙ্গে হঠাৎ তীব্র ঠান্ডায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সন্ধ্যার পর রাস্তাঘাটে মানুষের দেখা মিলছে না। শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন চুনকুড়ি গ্রামের ৭০ বছর বয়সী আরতী মণ্ডল বলেন, ‘শীতি কুষ্ট পেতিছি। শীতবস্ত্র নেই যে, শীত থ্যাকি ব্যাঁচতি পারব।’ একই গ্রামের ৭৪ বছর বয়সী আমেনা খাতুন জানান, তিন দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তীব্র ঠান্ডার সঙ্গে যুক্ত হয়েছে বাতাস। এই ঠান্ডায় বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকার জাহিদ হাসান জানান, তাঁর বাবা জমিরউদ্দিন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের একটি চিংড়িঘেরে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তীব্র শীতে তিনি মারা যান। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের এক সেবিকা জানান, গত তিন দিনে শিশু রোগীই ভর্তি হচ্ছে বেশি। সবই ঠান্ডাজনিত রোগ। বৃহস্পতিবার রাতেই ভর্তি হয়েছে ১৫ জন। একই অবস্থা সাতক্ষীরা শিশু হাসপাতালেও।গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম ও পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, তাঁদের দুই ইউনিয়নে ১৫ হাজার পরিবারে প্রায় ৮০ হাজার মানুষ আছে। অধিকাংশ পরিবার শীতবস্ত্রের অভাবে যারপরনাই কষ্ট পাচ্ছে। শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাফর রানা জানান, সরকারি-বেসরকারিভাবে শীতার্ত মানুষকে ইতিমধ্যে কয়েক হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও দেওয়ার চেষ্টা চলছে।