তীব্র শীতে গারো পাহাড়ের মানুষের ভরসা আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের গরিব ও দুস্থ মানুষেরা গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এখন পর্যন্ত তাদেরকে সরকারি বা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়নি।

উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তঘেঁষা গারো পাহাড়ের ঢালে অবস্থিত বরুঙ্গা, কালাপানি, শমশ্চুড়া, আন্দারুপাড়া, খলচন্দা ও কোচপাড়া গ্রাম। এসব গ্রামে পাঁচ শতাধিক পরিবারের প্রায় দুই হাজার মানুষ বাস করে। এখানকার অধিকাংশ মানুষ গরিব। দিন আনে দিন খায়। পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ ও দিনমজুরি করে এদের সংসার চলে। শীতে গরম কাপড় কেনার সামর্থ্য তাদের নেই। তাই গ্রামের মানুষ প্রতি রাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে।

গত শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচটি গ্রাম ঘুরে কয়েকজন শীতার্ত মানুষের সঙ্গে কথা হয়। কোচপাড়ার দিনমজুর রেশমনি কোচ (৫৫) বলেন, ‘এ বছর প্রচণ্ড শীত পড়ছে। আমরা গরিব মানুষ দিন আইনা দিন খাই। টেহা না থাহায় শীতের কাপড় কিনতে পারি না। সন্ধ্যা হইতেই আগুন জ্বালাইয়া পাড়ার সবাই মধ্যরাত পর্যন্ত বইসা থাকি। আমগর লাইগা শীতের কাপড়ের ব্যবস্থা করলে বিরাট উপকার অয়।’

কালাপানি গ্রামের দিনমজুর পিযুষ সাংমা (৬০) বলেন, ‘বিকাল অইতেই শীত জুকের মতো শরীলে কামুড় দিয়া ধরে। শীত সহ্য করবার পাই না। কী করমু, গরম কাপড় কিনারও তো কোনো উপায় নাই। তাই নিরুপায় অইয়া মধ্যরাইত পর্যন্ত আগুন তাপাই। আমগর লাইগা কম্বলের ব্যবস্থা অইলে বিরাট উপকার অয়।’

দিনমজুর সেফালি কোচ (৩২) বলেন, ‘তিন সন্তান লইয়া অন্যের বাড়িতে থাহি। নিজের কোনো জমি নাই। দিনমজুরি কইরা সংসার চালাইতে অয়। শীতের কাপড় না থাহুনে সন্তান লইয়া বিরাট কষ্ট করি। আমরা গরিব অসহায় মানুষ। তাই শীতে আগুন ছাড়া উপায় নাই।’

শমশ্চুড়া গারোপাড়ার রেবেকা মারাক (৬০) বলেন, ‘সারা দিন কাম কইরা যা পাই তা দিয়া স্বামী-পোলাপান লইয়া সংসার চালাই। টেহার অভাবে শীতের কাপড় কিনবার পাই না। এই পাড়ার শীতে অসহায় মানুষগুলার আগুনই ভরসা।’

পোড়াগাঁও ইউপি সদস্য মো. নবী হোসেন বলেন, গারো পাহাড়ের ঢালে বসবাস করে পাঁচ শতাধিক পরিবার। এখানে সবাই গরিব, দিন আনে দিন খায়। টাকার অভাবে শীতের কাপড় কিনতে পারে না। সবাই সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যার যার বাড়িতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করে। সরকারি-বেসরকারি উদ্যোগে এদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করা গেলে ভালো হয়।