তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত পঞ্চগড়ে ৪২ শিশু হাসপাতালে
তীব্র শীতে পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পঞ্চগড়ে গত তিন দিনে শীতজনিত রোগে আক্রান্ত ৪২টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুরে শীতে এক শিশুর মৃত্যু হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: গত তিন দিনে শীতজনিত রোগে আক্রান্ত ৪২টি শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত।হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম জানান, গত তিন দিনে শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অধিকাংশই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। তিন দিনে হাসপাতালে ৪২টি শিশুকে ভর্তি করা হয়েছে।শীতবস্ত্রের অভাবে গ্রামাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গত তিন দিনে পঞ্চগড়ে সূর্যের মুখ দেখা যায়নি। শহরে লোক চলাচল কমে গেছে। শীতবস্ত্রের দোকানগুলোয় উপচে পড়া ভিড়। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।দিনাজপুর: তিন দিন ধরে জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। শীতে শহরের দপ্তরীপাড়ার সজীবের (২৫) চার দিন বয়সের ছেলে মারা গেছে।শিশুটির মা মুক্তি জানান, ঠান্ডা লাগার কারণে গত বুধবার রাতে শিশুটির জ্বর হয়, আর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘন কুয়াশার কারণে দিনেও শহরে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল ও সন্ধ্যার পর নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। গরম কাপড়ের দোকানে ভিড় দেখা গেছে।নীলফামারী: ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে নীলফামারীতে শীতের তীব্রতা বাড়ছে। গতকাল বৃহস্পতিবার নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ডিমলায় তিস্তা নদীতীরবর্তী গ্রাম ও চরবাসীর অবস্থা খুবই নাজুক।ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান, গত তিন দিনের হাড়কাঁপানো শীতে এলাকার ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।