তীব্র শীতে জীবনযাত্রা স্থবির, দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগাক্রান্ত সন্তানকে কোলে নিয়ে উদ্বিগ্ন দুই মা। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগাক্রান্ত সন্তানকে কোলে নিয়ে উদ্বিগ্ন দুই মা। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার দিনভর ঘন কুয়াশা ও তীব্র শীতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। শীতে গরিব মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। শীতজনিত রোগে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর শুক্রবার চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনের তুলনায় দশমিক ৭ ডিগ্রি কম।
চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঘন কুয়াশায় সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সেই সঙ্গে বাতাসের গতি তীব্র হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেজিস্টারের তথ্য অনুযায়ী, শ্বাসকষ্টে ৪৮ ঘণ্টায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আবদুস সামাদ (৭৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কলাগাছি গ্রামের হাফিজুর রহমানের এক দিন বয়সী মেয়ে।
হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক (কনসালট্যান্ট) আসাদুর রহমান মালিক জানান, শীতজনিত রোটা ভাইরাস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন শয্যার চেয়েও দুই থেকে তিন গুণ শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। শিশু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সেবিকা মালেকা বেগম জানান, শুক্রবার ১৩ শয্যার ওয়ার্ডে ২৯ জন চিকিৎসাধীন রয়েছে। এদের ১৮ জন ডায়রিয়া ও ১১ জন নিউমোনিয়ার রোগী। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন বেশির ভাগ লোকই শীতজনিত রোগে আক্রান্ত।
গত কয়দিন ধরে হাড় কাঁপানো শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা দুর্ভোগে পড়েছে বেশি। শীত উপেক্ষা করেই জীবিকার সন্ধানে বের হতে হচ্ছে তাদের। দিনের বেলায় অনেককেই ছেঁড়া কাগজ ও পুরোনো কাপড়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের মুক্তিযোদ্ধা সংসদ মার্কেটের নৈশপ্রহরী আলমাস হোসেন বলেন, ‘কুড়াইনো কাগোচ আর ছিঁড়া ত্যানায় (পুরোনো কাপড়ের টুকরা) আগুন ধরিয়ে সারা রাত পার করচি। অ্যারাম শীত পড়লি ডিউটি করায় মুশকিল হয়ে পড়বেনে।’
কেদারগঞ্জ এলাকার মৎস্যজীবী কালু হালদার বলেন, ‘কদিন ধইরে খুব জাড় নাগজেগো। অ্যারাম জাড়ের মদ্দি জলে নাবা খুবই কষ্টের কাজ। সুংসারের খরজ জুগাড় কত্তি ঠেলাই পইড়ে জলে নাবচি।’
জনজীবন ব্যাহত: অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, গতকাল সারা দিন উপজেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতের সঙ্গে উত্তরের কনকনে হাওয়া পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে। নিতান্ত প্রয়োজন ছাড়া উপজেলার মানুষ ঘর থেকে বের হয়নি। হাটবাজার ও রাস্তাঘাটগুলো ছিল অনেকটা জনশূন্য। সবচেয়ে খারাপ অবস্থা ছিন্নমূল মানুষের। অনেক মানুষকে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।