তীব্র শীতে বরেন্দ্র অঞ্চলের দরিদ্র আদিবাসীদের কষ্টের শেষ নেই
গত কয়েক দিনের তীব্র শীতে চাঁপাইনবাবগঞ্জসহ বৃহত্তর রাজশাহীর বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলের দরিদ্র আদিবাসীরা দারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। গত শনি ও রোববার এ অঞ্চলে সূর্যের আলো দেখা যায়নি। তীব্র শীতের সঙ্গে ছিল কনকনে ঠান্ডা বাতাস। গত শনিবার রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কুচয়া সাঁওতাল গ্রামে গিয়ে দেখা গেছে, লোকজন জ্বলন্ত চুলার পাশে এবং গোবরের গোলা ও ধানের পাতান (চিটাধান) জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। গ্রামের মাঝি হারাম গ্রামপ্রধান নরেন মুর্মু জানান, এ গ্রামে আদীবাসীদের ১১৫টি ঘরের মধ্যে ১১০টির অবস্থা অত্যন্ত নাজুক। মানুষ জীর্ণ কাঁথার ওপর খেজুর ও তালপাতার পাটি জড়িয়ে ঘুমাচ্ছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আদিবাসী নেতা গণেশ মাঝি জানান, কাঁকনহাট পৌর এলাকাসহ আশপাশের ইউনিয়নের দরিদ্র আদিবাসীরাও খেজুর ও তালপাতার পাটি জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কারণ লেপ বা কম্বল কেনার সামর্থ্য তাদের নেই। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি কর্নেলিউস মুর্মু জানান, গোমস্তাপুর উপজেলায় আদিবাসীদের গ্রাম রয়েছে ৮৫টি। কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি ত্রাণের যে কম্বল বিতরণ হয়েছে, সেখানে ৫০টির বেশি পায়নি আদিবাসীরা। এ উপজেলার বরেন্দ্র অঞ্চলের দরিদ্র আদিবাসীরা শীতে অনেক কষ্টে আছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অফিস সূত্র জানায়, তাদের তাপ মাপার যন্ত্রে গত শনিবার জেলায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস ও গত রোববার ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আদিবাসী নেতা কর্নেলিউস মুর্মু, চম্পাতলা গ্রামের স্কুলশিক্ষক, মদন হাসদা, জলাহার গ্রামের শ্যাম টুডু, দক্ষিণ শহর গ্রামের মাঝি হারাম বাঘরাই হেমব্রম, জুগিডাইং গ্রামের গোপাল হাসদা, বিল বৈলঠ্যা গ্রামের মিঠুকোল, চটিগ্রামের শাওনা কোল জানান, এই শীতে তাঁদের দিন কাটছে খুব কষ্টে। তীব্র শীতের কারণে বোরো ধান রোপণের কাজও শুরু হয়নি। তাঁরা বেকার দিন কাটাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কে এম আলী আজম বলেন, সদর ও নাচোল উপজেলায় কিছু কম্বল বিতরণ করা হয়েছে। তবে তা পর্যাপ্ত নয়। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কাছে শীতার্তদের জন্য আরো কম্বল বরাদ্দ চাওয়া হয়েছে।