তীব্র শীতে বাইরে বেরোনো যায় না খেটে খাওয়া মানুষের দুর্ভোগ
দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন্ন চরে প্রায় সাড়ে আট হাজার দরিদ্র পরিবার তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছে। অথচ চরভদ্রাসনে শীতার্ত মানুষের মধ্যে মাত্র ১৬টি কম্বল বিতরণ করা হয়েছে। প্রচণ্ড শীতে খেটে খাওয়া মানুষগুলো কাজের সন্ধানে ঘর থেকে বের হতে পারছে না। ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় এক হাজারের বেশি দরিদ্র পরিবারের ঘরে খাবার নেই। বগুড়ায় শীতজনিত কারণে ১৪১ জন ডায়রিয়া এবং ২৩ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। কিশোরগঞ্জে ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম সুরজুল আমীন জানান, গত রোববার ফরিদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের পদ্মাপারের বালিয়াডাঙ্গী গ্রাম, ফাজেল খাঁর ডাঙ্গী, কেএম ডাঙ্গী ও জাকেরের সুড়া গ্রামের বেড়িবাঁধে প্রায় তিন হাজার পরিবার; গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর, নতুনডাঙ্গী, ঢালারপাড়, মধু শিকদারের ডাঙ্গী ও চর সুলতানপুর গ্রামের বেড়িবাঁধসহ পাকা রাস্তার দুই ধারে প্রায় তিন হাজার ৬৮০টি পরিবার; চর ঝাউকান্দা ইউনিয়নের পাকা সড়কে ৩২০টি পরিবার এবং চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর, হাজারবিঘা, আ. হাই খান হাটের আশপাশ মিলে প্রায় দেড় হাজার ছিন্নমূল পরিবারের মানুষ তীব্র শীতের মধ্যে বাস করছে।নবাবগঞ্জ (ঢাকা): গত রোববার দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন চরাঞ্চলে গিয়ে মানুষের মানবেতর জীবনযাপনের চিত্র দেখা গেছে। দোহারের নারিশা, বিলাসপুর, মাহমুদপুর ও নয়াবাড়ি ইউনিয়নের নদীভাঙন-কবলিত পাঁচ শতাধিক পরিবার তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলার জয়কৃষ্ণপুর, শোল্লা, কৈলাইল, বাহ্রা ইউনিয়নের ইছামতী নদীর তীরে পাঁচ শতাধিক দরিদ্র পরিবার বাস করে। এসব পরিবারের সদস্যরা জানিয়েছে, সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো ত্রাণ বা শীতবস্ত্র তারা এখনো পায়নি।বগুড়া: বিভিন্ন উপজেলায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের ডায়রিয়া নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে জেলার বিভিন্ন স্থানে ১৪১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ২৩ জন। বগুড়ায় গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।কিশোরগঞ্জ: ঘন কুয়াশার কারণে কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা, কিশোরগঞ্জ-কাপাসিয়া-ঢাকা, কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গাড়িচালকেরা জানান, ঝুঁকি নিয়ে সড়কে গাড়ি চালাতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে কোনোভাবে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।শহরের রেলস্টেশন ও পাঁচটি বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, খেটে খাওয়া অতি দরিদ্র লোকজন তীব্র শীতে কুঁকড়ে আছে।