তীব্র শীতে বিপর্যস্ত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না। কোথাও কোথাও সরকারি উদ্যোগে কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থান থেকে শীতে দুস্থ মানুষদের দুর্ভোগের কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা: চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনের তুলনায় এক ডিগ্রি কম। স্থানীয় আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম একথা জানান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলী হোসেন জানান, তীব্র শীতে শিশুদের নিউমোনিয়া ও ভাইরাল ডায়রিয়া বাড়ছে। এ জন্য চিকিৎসাসেবার পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন তিনি। তাড়াইল (কিশোরগঞ্জ): তাড়াইলের জাওয়ার ইউনিয়নের ছনাটি গ্রামে গত বুধবার ৫০ জন দুস্থ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্টের (পাশা) নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়। জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় দুস্থদের জন্য মাত্র ৪০৫টি সরকারি কম্বল পাওয়া গেছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সূত্র জানায়, কুলাউড়ায় লোকসংখ্যা দুই লাখ ৯৭ হাজার, জুড়ীতে এক লাখ ৪০ হাজার এবং বড়লেখায় দুই লাখ ৬৪ হাজার। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে কুলাউড়ায় ১৭০, জুড়ীতে ১১২ ও বড়লেখায় ১২৩টি কম্বল দেওয়া হয়েছে। লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলার হতদরিদ্রের জন্য ৫৭টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. বাহার উল্লাহ বলেন, এই কম্বল প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।