চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক বিভাগের মূল ফটকের বাইরে লিফটের সামনে মেঝেতে শুয়ে আছেন অন্তত ১৫ জন রোগী। মেঝেতেই তাঁদের চিকিৎসা চলছে। আবদুল মোনাফ নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ পা ভেঙে এখানে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। তাঁর ছেলের বউ বিউটি বেগম বলেন, ‘এখানে এসেছি পাঁচ দিন। কিন্তু ভেতরে জায়গা হয়নি। রাতে তীব্র ঠান্ডায় কাঁপতে হয়। পর্যাপ্ত কম্বলও নেই। বাড়ি থেকে আমরা কম্বল নিয়ে এসেছি।’এক হাজার ১০ শয্যার চমেক হাসপাতালে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ৯০০ রোগীকে চিকিৎসা নিতে হয় মেঝেতে। সব মিলিয়ে এখানে প্রতিদিন রোগী আসে এক হাজার ৮৫০ থেকে এক হাজার ৯০০ জন। গরমের সময় এই সংখ্যা দুই হাজার ২০০ পর্যন্ত ছাড়িয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, অর্থোপেডিক ওয়ার্ডের শয্যাসংখ্যা রয়েছে ৮৮টি। কিন্তু গতকাল শনিবার সেখানে রোগী ছিল ১৭৮ জন। শুধু অর্থোপেডিক নয়, প্রসূতি, মেডিসিন, হূদেরাগ, স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য ও সার্জারি বিভাগে রোগীর সংখ্যা শয্যার চেয়ে প্রতিদিনই বেশি থাকে। হাসপাতালের উপপরিচালক কাজী সফিকুল আলম বলেন, ‘আমাদের উপায় নেই। কারণ রোগী আমরা ফেরাতে পারব না। গাইনি, হূদেরাগসহ কয়েকটি ওয়ার্ডে প্রতিদিনই মেঝেতে শয্যায় রোগী থাকে। যথাসম্ভব আমরা চেষ্টা করি, তাদের গরম কাপড় দেওয়ার জন্য।’আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে চট্টগ্রামে তীব্র শীতের পাশাপাশি কনকনে বাতাস বইতে শুরু করেছে। গত শুক্রবার চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি। এর আগের দিন ছিল ৮ ডিগ্রি। শৈত্যপ্রবাহের এই সময়টাতে ওয়ার্ডের ভেতরে-বাইরে থাকা রোগীরা ঠান্ডায় দুর্ভোগের শিকার হচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, হূদেরাগ বিভাগে শয্যা রয়েছে ৪৭টি। কিন্তু গত মঙ্গলবার এখানে রোগী ছিল ১৩৯ জন। পরদিন বুধবার রোগী ছিল ১৪২ জন। মেঝেতে সারিবদ্ধ করে রাখা হয়েছে রোগী। ওপরের শয্যার জন্য অনেকে ওয়ার্ডবয় ও নার্সদের বারবার বলে যাচ্ছেন, কিন্তু কাজ হয় না। হূদেরাগ বিভাগে চিকিৎসারত মমতাজ বেগম নামে এক রোগীর স্বামী বলেন, ‘তিন দিন ধরে মেঝেতে পড়ে আছেন। শীতের দিনে মেঝেতে এমনিতেই ঠান্ডা লাগে। তার ওপর হাসপাতাল থেকে কোনো কম্বল দেয়নি। নিজেরাই নিয়ে এসেছি।’গত মঙ্গলবার পুরো হাসপাতালের অন্তর্বিভাগে রোগী ছিল এক হাজার ৮৮০ জন ও বুধবার রোগী ছিল এক হাজার ৮৫২ জন। হূদেরাগ বিভাগের নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, ‘হূদেরাগীদের বেশি ঠান্ডা লাগলে সমস্যা হয়। কিন্তু আমাদের তো উপায় নেই। আপনি নিজেই দেখেন এখানকার অবস্থা।’