তীব্র শীতে ময়মনসিংহের ছিন্নমূল মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈত্যপ্রবাহে ময়মনসিংহের ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে পড়েছে। শীতবস্ত্রের অভাবে অনেকেই ঘর থেকে বের হতে পারছে না। ফলে তাদের অনেকেই আহার জোটাতে হিমশিম খাচ্ছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, তীব্র শীত থেকে বাঁচার জন্য আগুন পোহাতে গিয়ে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলার ২০ জনের বেশি দগ্ধ হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, তীব্র শীতের কারণে ছিন্নমূল মানুষ জবুথবু হয়ে বসে আছে। এ সময় রূপজান বেগম, জেসমিন আক্তার ও জোছনা নামের তিন নারী প্রথম আলোকে জানান, তাঁরা চায়ের দোকানে পানি এনে দেওয়াসহ নানা কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু শীতের কারণে কেউ কাজে যেতে পারেননি। দৃষ্টিপ্রতিবন্ধী রমিছা বেগম মানুষের কাছে হাত পেতে যা পান, তা দিয়ে খাবার সংগ্রহ করেন।রূপজান প্রায় তিন বছর ধরে এই রেলস্টেশনে থাকেন। চায়ের দোকানে পানি আনা আর মানুষের ফুট-ফরমাশ খাটেন তিনি। গায়ে তাঁর ছেঁড়া কাঁথা। থরথর করে কাঁপছেন। রূপজান জানান, প্ল্যাটফর্মের তপন চক্রবর্তী নামের একজন চা-বিক্রেতা রোজ একবার বাসা থেকে খাবার এনে দেন। এরপর কেউ কিছু দিলে খান, না হলে উপোস করতে হয়।এ ছাড়া শহরের অনেক জায়গায় কাগজ বা শুকনো লতাপাতায় আগুন ধরিয়ে নিম্ন আয়ের অনেক মানুষকে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শহরের গাঙ্গিনারপাড় এলাকায় বৃদ্ধ রিকশাচালক আরজত মিয়া বলেন, শৈত্যপ্রবাহের কারণে রিকশা চালাতে খুব কষ্ট হয়। কিন্তু একদিন রিকশা না চালালে তাঁর পরিবারের সদস্যদের খাবার জোটে না।