তীব্র শীতে সারা দেশে জনজীবন স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে তীব্র শীত, সেই সঙ্গে কোথাও কোথাও শৈত্যপ্রবাহে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঠান্ডায় নিম্ন আয়ের মানুষের জবুথবু অবস্থা। একদিকে গরম কাপড়ের অভাব, অন্যদিকে কাজে বের হতে না পারায় আয়-রুজির সংকটে তাদের দুর্ভোগের যেন শেষ নেই।সরকারি-বেসরকারি পর্যায়ে এখন পর্যন্ত কোনো সহায়তাও পাচ্ছে না তারা। কোনো কোনো স্থানে ছড়িয়ে পড়েছে শীতজনিত রোগবালাই। শীতে একজন কৃষকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: জেলায় ক্রমশ শীতের তীব্রতা বাড়ছে। কয়েক দিন ধরে রাতে কুয়াশা-বৃষ্টি হচ্ছে। রেলস্টেশন এলাকার একটি বস্তিতে থাকেন ষাটোর্ধ্ব আনসার মিয়া। তিনি বলেন, ‘বাপরে, আমরা গরিব মানুষ। আগে দেখতাম মাইনষে শীতের কাপড় দানটান করত। ইবার ইতা কিতা দিত না নি?’ গত ৬০ বছরে এ ধরনের কুয়াশা-বৃষ্টি হতে দেখেননি বলেও জানান তিনি।সুনামগঞ্জ: জেলার শাল্লা উপজেলার ধামপুর গ্রামে গতকাল শীতে আবদুর রহিম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আবদুর রহিমের ভাতিজা নাদু মিয়া জানান, তাঁর চাচা সকালে হাওরের খেতে কাজ করতে যান। একপর্যায়ে প্রচণ্ড ঠান্ডায় জমি থেকে উঠে খেতের পাশে উঁচু জায়গায় বসে পড়েন। খবর পেয়ে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে বেলা আড়াইটার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলায় চা-শ্রমিক ও দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। গতকাল সারা দিন সূর্যের মুখ দেখা যায়নি। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আকারে কুয়াশা পড়ে। সঙ্গে ছিল শৈত্যপ্রবাহ। গরম কাপড়ের অভাবে চা-বাগানের শ্রমিকেরা কষ্টে দিন কাটাচ্ছেন।শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, গতকাল কমলগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): কয়েক দিন ধরে রাতের বেলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো শিশির পড়ছে। রাস্তাঘাটে মানুষের চলাচল হ্রাস পেয়েছে। ছিন্নমূল মানুষ ঘর থেকে বের হতে না পেরে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে। নান্দাইল (ময়মনসিংহ): অন্য বছরের তুলনায় এ বছরের এই সময়ে শীত বেশি লক্ষ করা যাচ্ছে। কয়েক দিন ধরে শীত জেঁকে বসেছে।ইউএনও মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেন, শীতার্ত মানুষের জন্য এখনো সরকারিভাবে কোনো শীতবস্ত্র পাওয়া যায়নি।তাড়াইল (কিশোরগঞ্জ): চার-পাঁচ দিন ধরে জনজীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। গতকাল সূর্যের দেখা মেলেনি। শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।