তীব্র স্রোতে ঘাটে ভিড়ছে না ফেরি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মার তীব্র স্রোতে ফেরি ঘাটে ভিড়তে পারছে না। দৌলতদিয়া প্রান্তে গতকাল সোমবার বিকেল পর্যন্ত দুই শতাধিক গাড়ি আটকে ছিল। এদিকে এ পথে চলাচলকারী পাঁচটি ফেরি বিকল হয়ে আছে।
গতকাল দুপুরে দেখা যায়, ফেরিঘাট থেকে টার্মিনাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ দুই সারিতে কিছু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি রয়েছে। টার্মিনালের পর থেকে ক্যানাল ঘাট পর্যন্ত আরও প্রায় এক কিলোমিটার লম্বা শুধু পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান আটকে থাকতে দেখা যায়। যশোর থেকে আসা ট্রাকচালক করিম মণ্ডল বলেন, রোববার সন্ধ্যার পর ঘাটে এসে ১২ ঘণ্টা ধরে ফেরির অপেক্ষা করছেন।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ৩ নম্বর ঘাটটিতে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রোরো ফেরি ভাষাশহীদ বরকত ভিড়তে যায়। এ সময় স্রোতের ধাক্কায় পন্টুনের ফিঙ্গার (কবজা) ভেঙে যায়। মেরিন বিভাগ দ্রুত কাজ শেষ করে ঘাটটি রাতেই চালু করে। ২ নম্বর ঘাটে এখন পর্যন্ত কোনো ছোট ফেরি ভিড়তে পারছে না।