তীব্র স্রোত, দৌলতদিয়ায় ফেরি পারাপার ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। এ ছাড়া ঘাটে ভিড়তে গিয়ে স্রোতে ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পন্টুন। আজ রোববার সকালে দৌলতদিয়ার ক্ষতিগ্রস্ত ৪ নম্বর ঘাট বন্ধ রেখে মেরামত করা হয়। ছবিটি রোববার বেলা এগারোটার দিকে তোলা। ছবি: এম রাশেদুল হক
পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। এ ছাড়া ঘাটে ভিড়তে গিয়ে স্রোতে ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পন্টুন। আজ রোববার সকালে দৌলতদিয়ার ক্ষতিগ্রস্ত ৪ নম্বর ঘাট বন্ধ রেখে মেরামত করা হয়। ছবিটি রোববার বেলা এগারোটার দিকে তোলা। ছবি: এম রাশেদুল হক

পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের বিপরীতে চলতে না পেরে দুই দিন ধরে চারটি ফেরি বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ কারণে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় ঘাটে আটকা পড়েছে অসংখ্য গাড়ি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, তিন-চার দিন ধরে পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় লঞ্চ ও ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের কাছে পৌঁছাতে সময় লাগছে এক ঘণ্টার বেশি। দৌলতদিয়ার ৪ নম্বর ঘাট থেকে উজানে ২ নম্বর ঘাটের দূরত্ব মাত্র কয়েক শ গজ। কিন্তু তীব্র স্রোতের কারণে এটুকু যেতেই সময় লাগছে ২০-২৫ মিনিট।

দুর্বল ইঞ্জিন ও স্রোতের বিপরীতে চলতে না পেরে গতকাল শনিবার বিকেল থেকে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও মতিউর রহমান, কে–টাইপ ফেরি কপোতী এবং ইউটিলিটি ফেরি বনলতা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এ ছাড়া গত ১৭ জুলাই রোরো ফেরি আমানত শাহ ও গত ২৯ জুলাই খান জাহান আলী মেরামতের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৯টি ফেরির মধ্যে চলছে মাত্র ১২টি।

ফেরি স্বল্পতার পাশাপাশি স্রোতের কারণে ফেরির ধাক্কায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ঘাটের পন্টুন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে পাটুরিয়া থেকে গাড়িবোঝাই রোরো ফেরি শাহ মখদুম ৪ নম্বর ঘাটে ভিড়তে গিয়ে ঘাটে ধাক্কা লেগে পন্টুনটি সরে যায় ও কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘাটটি মেরামতের জন্য দুপুর পর্যন্ত বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর আগে গতকাল শনিবার বেলা তিনটার দিকে দৌলতদিয়ার ২ নম্বর ঘাটে রোরো ফেরি ভাষাশহীদ বরকত এবং ৪ নম্বর ঘাটে রোরো ফেরি এনায়েতপুরী ভিড়তে গিয়ে ধাক্কায় পন্টুন দুটি ক্ষতিগ্রস্ত হয়। ৩ ও ২ নম্বর ঘাট চালু থাকলেও ২ নম্বর ঘাটের সামনে প্রচণ্ড স্রোত থাকায় সহজেই ফেরি ভিড়তে পারছে না।

পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুই পাড়ে আটকা পড়েছে শত শত গাড়ি। ছবিটি রোববার বেলা এগারোটার দিকে তোলা। ছবি: এম রাশেদুল হক
পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুই পাড়ে আটকা পড়েছে শত শত গাড়ি। ছবিটি রোববার বেলা এগারোটার দিকে তোলা। ছবি: এম রাশেদুল হক

আজ রোববার সকালে ঘাটে গিয়ে দেখা যায়, ফেরিগুলো দৌলতদিয়া ঘাটের কাছে স্রোতের তোড়ে ভিড়তে পারছে না। ঘাটের কাছে ফেরি এলেই মুহূর্তেই স্রোত ভাটিতে টেনে নিচ্ছে। এ ছাড়া ৪ নম্বর ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে একটি রেকার রেখে মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে আটকা পড়েছে কয়েক শ গাড়ি। রোববার বেলা ১১টার দিকে আটকে থাকা কুয়াকাটা থেকে আসা সাকুরা পরিবহনের চালক আবদুল করিম জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঘাটে লাইনে আটকা পড়েন। আট ঘণ্টা আটকে থাকার পরও ফেরির নাগাল পাননি। যশোর থেকে আসা কাভার্ড ভ্যানের চালক হেলাল মিজি জানান, শনিবার বেলা তিনটায় এসেও ফেরির টিকিট কাটতে পারেননি। তাঁদের মতো এ রকম দুই শতাধিক গাড়ি আটকে রয়েছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবদুস সাত্তার জানান, ‘কয়েক দিন ধরে প্রচণ্ড স্রোত দেখা দিয়েছে। স্রোতের কারণে শনিবার ২ ও ৪ নম্বর ঘাট ক্ষতিগ্রস্ত হয়। মেরামত শেষে চালু হলেও রোববার সকালে ফের ৪ নম্বর ঘাটের র্যামসহ পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। ২ ও ৩ নম্বর ঘাট চালু থাকলেও ২ নম্বর ঘাটে স্রোতের কারণে সহজে ফেরি ভিড়তে পারছে না। ১ নম্বর ঘাট ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ‘দুর্বল ইঞ্জিনের কারণে স্রোতের বিপরীতে অনেক ফেরি চলতে পারছে না। মেরামত শেষে দুপুরে ৪ নম্বর ঘাটসহ মোট তিনটি ঘাট চালু রয়েছে। ১ নম্বর ঘাটটি এখনো বন্ধ রয়েছে। এ ছাড়া মাওয়া-কাওড়াকান্দি রুটেও ফেরি চলাচল ব্যাহত হওয়ায় তার প্রভাব এই ঘাটে পড়েছে বলে যানবাহনের চাপ বেড়েছে।’