তীব্র স্রোতে ফেরি চলাচলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে আটকা পড়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার দুপুরে তোলা ছবি।
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে আটকা পড়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার দুপুরে তোলা ছবি।

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। গত এক সপ্তাহ ধরে স্রোতের কারণে ১৭টি ফেরির মধ্যে নিয়মিত চলাচল করছে ৯টি। এ কারণে ঘাটে আটকা পড়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, পদ্মা নদীতে স্রোতের কারণে এই নৌরুটে চলাচলকারী ফেরিগুলোর ঘাট পারাপারে প্রায় দ্বিগুণ সময় লাগছে। স্বাভাবিক সময়ে যেখানে ঘাট পাড়ি দিতে এক থেকে সোয়া ঘণ্টা সময় লাগে, সেখানে এখন সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা। এ ছাড়া পারাপারে যাত্রীবাহী বাসকে প্রাধান্য দেওয়ায় ঘাট এলাকায় আটকে আছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী।

সরেজমিনে দেখা গেছে, কাঁঠালবাড়ি ঘাটের ট্রাক পার্কিংয়ের স্থানে কয়েক শ ট্রাক সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এ ছাড়া পারাপারের জন্য ফেরির সারিতে দাঁড়িয়ে আছে আরও শতাধিক ট্রাক। যানজট কিছুটা কমাতে পুরোনো কাওড়াকান্দি ফেরিঘাটেও রাখা হয়েছে ট্রাকসহ ছোট-বড় দুই শতাধিক যানবাহন। যাত্রীবাহী বাসগুলোকে প্রাধান্য দিয়ে পারাপার করা হলেও চরম ভোগান্তির মধ্যে রয়েছেন ট্রাকচালকেরা। ঘাট এলাকায় দীর্ঘ সময় আটকে থেকে নষ্ট হচ্ছে কাঁচামাল। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ট্রাকের নিচে বসে দুপুরের খাবার রান্না করছেন ভোগান্তিতে পড়া ট্রাকশ্রমিকেরা। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে আটকা পড়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার দুপুরে তোলা ছবি।
ট্রাকের নিচে বসে দুপুরের খাবার রান্না করছেন ভোগান্তিতে পড়া ট্রাকশ্রমিকেরা। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে আটকা পড়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার দুপুরে তোলা ছবি।

বেনাপোল স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকের চালক মনসুর আলম বলেন, ‘১১ জুলাই ঘাটে এসেছি। এখনো যেতে পারিনি। আরও কত দিন লাগবে জানি না। ট্রাকে কাঁচামাল পচে নষ্ট হচ্ছে। লাখ লাখ টাকার পণ্য ঘাটে বসে নষ্ট হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’
খুলনা থেকে চট্টগ্রামগামী ট্রাকের চালক আবদুর রশিদ মোল্লা বলেন, ‘খুব খারাপ অবস্থায় আছি। ঘাটের ম্যানেজার বলেছেন ফেরি তো চলে, এরপরও আমাদের এভাবে আটকা পড়ে থাকতে হচ্ছে। প্রতিদিন তিনবেলা খেতে খরচ হয়। ঘাট এলাকায় ৫ টাকার জিনিস ১০ টাকা দিয়ে কিনে খেতে হয়। আমরা অসহায় অবস্থার মধ্যে আছি।’
ঢাকাগামী অন্য একটি ট্রাকের চালক মাসুদ মিয়া বলেন, ‘সিরিয়াল দিয়ে রেখেছি পাঁচ দিন হলো। কিন্তু পদ্মা নদী পার হতে পারিনি। তারা বলছে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল করতে সমস্যা হচ্ছে। কিন্তু এভাবে পড়ে থেকে কাঁচামাল পচে নষ্ট হয়ে যাচ্ছে।’

জানতে চাইলে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহব্যবস্থাপক আবদুল মমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করছি যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রাকগুলোকে দ্রুত পারাপার করার জন্য। আগে একটি ফেরি প্রতিদিন ৮ থেকে ১০ বার চলাচল করতে পারলেও এখন তীব্র স্রোতের কারণে ৩ থেকে ৪ বার চলাচল করছে। এটিই বর্তমানে বড় সমস্যা। এ ছাড়া স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ডাম্ব ফেরিগুলো ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে। তাই ট্রিপের সংখ্যা কমে যাচ্ছে।’

কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকার দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক উত্তম শর্মা বলেন, ‘ঘাটে যাতে যানজটের সৃষ্টি না হয়, সে জন্য আমরা যানবাহনগুলো সারিবদ্ধভাবে রেখেছি। পুরোনো কাওড়াকান্দি ফেরিঘাটেও অনেক যানবাহন রাখা হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’