যমুনা ও পদ্মায় পানি বৃদ্ধির কারণে দুই দিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপারে বিঘ্ন ঘটছে। তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এ কারণে যানবাহনগুলোকে ঘাটে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, গত কয়েক দিনে পদ্মা-যমুনায় পানি বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি বেড়ে গিয়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এ কারণে ফেরি পারাপারের সংখ্যা কমে গেছে। এতে উভয় ঘাটে যানবাহনকে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হচ্ছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ৩ নম্বর ঘাট থেকে পাটুরিয়া টিকিট কাউন্টার পর্যন্ত শতাধিক যাত্রীবাহী বাস ও টার্মিনালে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাককে নদী পার হওয়ার অপেক্ষায় থাকতে দেখা যায়। গতকাল সকালে পাটুরিয়া ঘাট এলাকায় দেখা যায়, পাটুরিয়ার তিনটি ঘাটের মধ্যে কেবল ৩ নম্বর ঘাটটি সচল রয়েছে। পানি বৃদ্ধির কারণে ৪ ও ৫ নম্বর ঘাটের পন্টুন পানিতে ডুবে আছে। ফেরিতে যানবাহন ওঠানামার উপযোগী করতে ৪ নম্বর ঘাটের পন্টুনের কাজ চলছে।কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত পাটুরিয়ার ৪ ও ৫ নম্বর ঘাট বন্ধ ছিল। গতকাল সন্ধ্যার পর ৪ নম্বর ঘাট সচল হয়। শনিবার (আজ) অন্য ঘাটটি সচল হতে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, পানি বেড়ে যাওয়ায় ৪ ও ৫ নম্বর ঘাট দুটি পানিতে সম্পূর্ণ ডুবে যায়। গতকাল সন্ধ্যার পর ৪ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু হয়।