মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে পদ্মায় তীব্র স্রোতের কারণে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নৌচলাচল ব্যাহত হয়।
এদিকে ফেরি পারাপারে সময় বেশি লাগায় দুই ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল আট শতাধিক ছোট-বড় যানবাহন। ঘাট এলাকার যাত্রী, চালক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মায় এখন তীব্র স্রোত। স্রোত ঠেলে যেতে হচ্ছে বলে ফেরিগুলো গতি তুলতে পারছে না। শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে যেতে যেখানে ৪০-৫০ মিনিট সময় লাগত, এখন সেখানে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগছে। এদিকে দুই দিন ধরে নদীতে বাতাস ও স্রোত বেশি হওয়ায় গতকাল লঞ্চ, সি-বোট সাময়িকভাবে
বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় দুই পারের যাত্রীদের।
শিমুলিয়া ঘাট ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. কাজল বলেন, ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় এই ঘাটে প্রায় ৪০০ যান পারাপারের অপেক্ষায় ছিল। এগুলোর মধ্যে বাস ও ট্রাকের সংখ্যাই বেশি।
কাঁঠালবাড়ি ঘাট ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. নাছির উদ্দিন সরকারের সঙ্গে মুঠোফোনে কথা হয় বিকেল সাড়ে ৪টার দিকে। তিনি বলেন, ‘ফেরির সংখ্যা কম ও ধীরগতি হওয়ায় আমাদের পাড়ে সকালে যানবাহনের খুব চাপ ছিল। আমরা বাস ও ছোট গাড়ি আগে প্রাধান্য দিয়ে পার করেছি। তবে এখনো পারাপারের জন্য সাড়ে তিন শতাধিক মালবাহী ট্রাক অপেক্ষমাণ আছে।’
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী পরিচালক শাহ মো. খালিদ নেওয়াজ বলেন, আবহাওয়া খারাপ থাকায় ১৬টি ফেরির মধ্যে ১২টি পারাপারের কাজে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, নদীতে প্রচুর স্রোত ও নদীর মূল অংশ থেকে লৌহজংয়ের টার্নিং পয়েন্ট পর্যন্ত একমুখী চলাচল হওয়ায় ফেরিগুলোর যাতায়াতে কমপক্ষে পাঁচ ঘণ্টা সময় লাগছে। তাই কিছুটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
শিমুলিয়া ঘাটের নৌ–নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, নদীতে প্রচণ্ড বাতাস ও অতিরিক্ত বৃষ্টির কারণে যাত্রী নিরাপত্তার স্বার্থে এক ঘণ্টার মতো লঞ্চ, সি-বোট চলাচল বন্ধ রাখা হয়েছিল।