তীর সংরক্ষণ প্রকল্পের ৩০০ মিটার বিলীন
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বেড়ে তীর সংরক্ষণ প্রকল্পের ৩০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে বন্যানিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে পড়েছে। বর্তমানে ওই বাঁধ থেকে নদী মাত্র ৫০ মিটার দূরে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (বগুড়া) কার্যালয় থেকে জানা গেছে, ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা করতে ২০০৭-০৮ অর্থবছরে তীর সংরক্ষণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে কৈয়াগাড়ী গ্রাম থেকে পুকুরিয়ার তালুকদারবাড়ী পর্যন্ত ৭০০ মিটার এলাকায় বোল্ডার ফেলে তীর সংরক্ষণের কাজ করা হয়। কিন্তু কয়েক দিন ধরে পাহাড়ি ঢলের পানি উজান থেকে নেমে আসায় যমুনা নদীর পানি ৭০ সেন্টিমিটার বেড়েছে।
এতে করে পানির স্রোতের গতিও ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় তীর সংরক্ষণ প্রকল্পে ভাঙন ধরেছে। গত সোমবার রাতে প্রকল্প থেকে তীর সংরক্ষণের বোল্ডারগুলো ধসে প্রায় ৩০০ মিটার এলাকা যমুনায় বিলীন হয়েছে। যমুনা থেকে বন্যানিয়ন্ত্রণ বাঁধ আর মাত্র ৫০ মিটার দূরে রয়েছে।
স্থানীয় লোকজন জানান, যমুনা নদীর ভাঙনের তীব্রতা দেখে বোঝা যাচ্ছে, এভাবে চলতে থাকলে তিন দিনের মধ্যে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন শুরু হবে। এরই মধ্যে ভাঙন-আতঙ্কে ওই এলাকার বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছে।
ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম বলেন, ২০০৭-০৮ অর্থবছরে যমুনার তীর সংরক্ষণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। ওই কাজ শেষ হয় ২০১০ সালে। সেই থেকে মেরামত না করায় প্রতিবছরই বর্ষার সময় দফায় দফায় ভাঙনের কবলে পড়ে প্রকল্পটি। এ বিষয়ে পাউবোর কর্মকর্তাদের সঙ্গে অনেকবার আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে মেরামতের কোনো অর্থ বরাদ্দ নেই জানিয়ে তাঁরা বিষয়টি এড়িয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে পাউবোর বগুড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাজমুল হক বলেন, অর্থবরাদ্দ না থাকায় মেরামতের কাজ করা যায়নি। তবে আগামীকাল (আজ বুধবার) থেকে জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, যমুনা নদী থেকে বন্যানিয়ন্ত্রণ বাঁধ মাত্র ৫০ মিটার দূরে রয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে যমুনায় বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। সেখানে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার ব্যাপারে পাউবোর কর্মকতাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন।