তীর সংরক্ষণ প্রকল্পের ৮০ মিটার যমুনায় বিলীন
বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় প্রবল স্রোতে নির্মাণাধীন ডান তীর সংরক্ষণ প্রকল্পের ৮০ মিটার ভেঙে গেছে। গত রোববার ওই ভাঙনের পর বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে।
পাউবো সূত্র জানায়, গত বছরের জুলাই মাস থেকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী, বরইতলী, পুকুরিয়া, ভূতমারিসহ কয়েকটি গ্রামের কাছে যমুনা নদীর ভাঙন রোধের জন্য প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। বগুড়ার ঠিকাদার শহর আলী, লিয়াকত আলীসহ চারজন ঠিকাদার সেখানে বোল্ডার ও বালুর বস্তা ফেলে কাজ করছেন। কাজ প্রায় শেষের দিকে।
এ অবস্থায় কৈয়াগাড়ী গ্রামের কাছে নির্মাণাধীন প্রকল্পের ৪০০ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দেয়। এর মধ্যে রোববার বিকেল পর্যন্ত ওই গ্রামের দুটি স্থানে ৫০ মিটার ও ৩০ মিটার করে ভেঙে নদীতে বিলীন হয়ে যায়।