তীর সংরক্ষণকাজে ব্লক তৈরিতে অনিয়মের অভিযোগ
লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরে ধরলা নদীর ডান তীর সংরক্ষণকাজের সিসি ব্লক তৈরিতে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এনায়েততুল্লা কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।পাউবো সূত্রে জানা গেছে, পাটগ্রাম পৌর শহর রক্ষায় ধরলা সেতুর পাশে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড চলতি অর্থবছর একটি প্রকল্প গ্রহণ করে। এরপর বাঁধ নির্মাণের জন্য প্রায় দুই কোটি ১০ লাখ টাকার দরপত্র আহ্বান করে। রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান সৈয়দ ব্রাদার্স কার্যাদেশ পেয়ে সমপ্রতি নির্মাণকাজ শুরু করে। দরপত্র অনুযায়ী প্রকল্পের ৩০৫ মিটার দীর্ঘ এলাকার জন্য প্রায় ১১ হাজার সিসি ব্লক তৈরি করে নদীতে পিসিং ও স্টোন বোল্ডার ডাম্পিং করার কথা। আর ব্লক নির্মাণে সিঙ্গেলস পাথর ও নতুন মবিল ব্যবহার করার নিয়ম রয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি দরপত্রের ওই সব শর্ত মানছে না।বুধবার সরেজমিন দেখা গেছে, পৌরসভার পুরোনো গরুর হাটের মাঠে সিসি ব্লক তৈরির কাজ বন্ধ রয়েছে। পাশেই ধুলাবালি, ময়লাযুক্ত ছোট-বড় পাথর ও বালু একসঙ্গে রাখা হয়েছে। এ ছাড়া তৈরি করা প্রায় পাঁচ-ছয় হাজার ব্লক স্তূপ করে রাখা হয়েছে। সেখানে তৈরি করা অনেক ব্লক আকারে এক সমান না হওয়ায় আঁকাবাঁকা অবস্থায় পড়ে আছে।ধরলা বাঁধ এলাকার বাসিন্দা মিলন, মকলেছসহ কয়েকজন অভিযোগ করেন, ব্লক নির্মাণে পাথর-মবিলে কারচুপি ছাড়া সিমেন্টও কম দেওয়া হচ্ছে। এসব ব্লক তৈরির সময় পাউবোর কোনো প্রকৌশলী উপস্থিত থাকেন না। উপস্থিত কার্যসহকারী (ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট) সবকিছু দেখেও না দেখার ভান করে থাকেন।বাঁধ নির্মাণকাজ তদারকিতে নিয়োজিত পাউবোর কার্যসহকারী আবদুল হক বলেন, ‘নিম্নমানের কাজের অভিযোগে নির্বাহী প্রকৌশলী মঙ্গলবার এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।’ ঠিকাদারি প্রতিষ্ঠান সৈয়দ ব্রাদার্সের স্বত্বাধিকারী সারদুল ইসলামের ছেলে রাশা বাঁধ নির্মাণের কাজ দেখভাল করছেন। রাশা দাবি করেন, ‘সিসি ব্লক তৈরির কাজ দরপত্রের শর্ত অনুযায়ীই করা হচ্ছে। তবে জায়গা সংকুলান না হওয়ায় আপাতত কাজ বন্ধ রয়েছে।’লালমনিরহাট পাউবোর উপসহকারী প্রকৌশলী ওমর ফারুক দাবি করেন, শর্ত মোতাবেক কাজ হচ্ছে। তবে কিছু সমস্যা রয়েছে। কিছু ব্লক আকারে কোনাকুনি হয়েছে। সেগুলো অপসারণ করা হবে। নির্বাহী প্রকৌশলী এনায়েততুল্লা বলেন, ঠিকাদারকে সবকিছু ঠিকঠাক করার জন্য বলা হয়েছে।