তীরে স্বজনদের আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয়ের (১৩) জন্য আহাজারি করছিলেন তার মা l প্রথম আলো
হৃদয়ের (১৩) জন্য আহাজারি করছিলেন তার মা l প্রথম আলো

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনাতীরে চোখে-মুখে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছেন স্বজনেরা। একটি ট্রলার আসতে দেখলেই সবাই দৌড়ে যাচ্ছেন। লাশের ওপর তাঁরা হুমড়ি খেয়ে পড়ছেন। কেউ বিলাপ করছেন, কেউ বা আবার ফিরে যাচ্ছেন তীরে। গত শুক্রবার দুপুর থেকে চলছে এ অপেক্ষার পালা।
২৯ জানুয়ারি মধ্যরাতে মেঘনার সোনারচর ও লতার চরের মধ্যে ঝড়ের কবলে পড়ে ছয় জেলে নিয়ে ডুবে যায় শরীফুল ইসলাম মাঝির মাছ ধরার ট্রলারটি। গত সোমবার হৃদয় (১৩), গতকাল মঙ্গলবার হাসান (১৮) ও আলাউদ্দিনের (১৬) লাশ পাওয়া যায় সোনারচরের তীরে।
উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়িচাঁদপুর, কেয়ামুল্যাকান্দি ও হাজিকান্দি গ্রামে চলছে এখন স্বজনহারাদের মাতম।
নিখোঁজ শরীফুল ইসলাম মাঝির মেয়ে সুমাইয়া আক্তার এ বছর ষষ্ঠ শ্রেণিতে উঠেছে। বাবার কাছে আবদার ছিল নতুন স্কুলব্যাগ কিনে দেওয়ার। গত সোমবার সরেজমিনে গেলে কান্নাজড়িত কণ্ঠে সুমাইয়া বলে, ‘আব্বা কইছে নদীততনে আইয়া ব্যাগ কিন্না দিব। আব্বাগো! আমার ব্যাগ লাগব না, আমনে আইয়েনগো আব্বা।’
কেয়ামুল্যাকান্দিতে (পাড়া) শরীফুল ইসলামের ভাঙা টিনের ঘর। বাবা বেলায়েত হোসেন ও স্ত্রী আমেনা বেগম আহাজারি করে বারবার চেতনা হারাচ্ছেন। আমেনার কোলে তিন মাসের মেয়ে সাদিয়া। সংসারে আয়ের একমাত্র মানুষটিকে হারিয়ে দিশেহারা সবাই।
হাজীকান্দি গ্রামের সিরাজ মাঝি (১৯)। তাঁর বাবা নাছির মাঝি অচল। এই শরীর নিয়েও বাবা খুঁজে বেড়াচ্ছেন ছেলের লাশ। নাছির মাঝি বলেন, ‘টিয়ারলাই পুতেরে নদীত পাডাইছি। এ্যাহোন আমি পুতই খুয়াইছি। ও আল্লাহ আর কত পরীক্ষা। তুমি আমারে না নিয়া পুতেরে নিলাকা, কুডে আমার পুত, আইন্যা দেও।’
ট্রলারডুবির পাঁচ দিন পরে সোমবার লাশ পাওয়া যায় ডুবে যাওয়া জেলে হৃদয়ের। কিশোর বয়সী ছেলের লাশ পেয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা আবদুল হালিম। ছেলেকে জীবিত পাবেন বলে নদীর ঘাটে অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত ছেলের লাশই পেলেন।
তজুমিদ্দন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ কামরুজ্জামান বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চলছে। যাঁদের লাশ পাওয়া গেছে, তাঁদের পরিবারকে লাশ সৎকারের (দাফন) জন্য প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া মৃত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে।