তীর্থযাত্রীর ছদ্মাবরণে হরিণ শিকারিরা তৎপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের দুবলার চরে রাশ উৎসব ১৫ থেকে ১৭ নভেম্বর। দেশ-বিদেশের পর্যটকদের আনাগোনায় মুখরিত হবে সুন্দরবনের দুবলার চর। রাশ উৎসব উপলক্ষে মেলায় সমবেত হবে লাখো মানুষ। উৎসবের সময় স্থানীয় ও বহিরাগত অনেক শিকারি তীর্থযাত্রীর ছদ্মাবরণে বনে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছেন।
সাতক্ষীরার শ্যামনগরের হরিনগর গ্রামের মুজিবর রহমান, ভেটখালী গ্রামের শহিদুজ্জামান ও শহিদুল ইসলাম, গোলাখালীর রমেশ মণ্ডল, বৈশখালীর মাসুম শেখ ও গাবুরার আকছেদুর রহমান জানান, অন্যান্য বছরের মতো এবারও রাস মেলাকে ঘিরে স্থানীয় চিহ্নিত হরিণশিকারিরা সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার প্রস্তুতি সেরেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, আশাশুনি, বটিয়াঘাটা, দাকোপ ও কয়রাসহ অন্যান্য এলাকার বেশকিছু বহিরাগত শিকারির পাশাপাশি শ্যামনগর ও সাতক্ষীরার গফ্ফার ফকির, মঞ্জুর মেম্বর, আইয়ুব কয়াল, গণি খাঁ, লুৎফর রহমান, এমদাদুল হক, শহীদ গাজী, শহিদুল ইসলাম, নীলকান্ত রপ্তান, আল ফারুক, আকবর আলী, আবদুর রহমান, লালটু, নুরুল ইসলাম, আনছার শেখ, আবদুল কাদের, মজিসহ ২৫টিরও বেশি দল এবার বনে ঢোকার প্রস্তুতি নিয়েছে।
পশ্চিম সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা মো. জহিরউদ্দিন জানান, ১৫ থেকে ১৭ নভেম্বর—এই তিন দিন রাশ মেলা বসবে দুবলার চরের আলোর কোলো। ১৫ নভেম্বর যাত্রা, ১৬ নভেম্বর পূজা ও ১৭ নভেম্বর সকালে সাগরস্নানের পরপরই মেলা শেষ হবে।
জহিরউদ্দিন জানান, তীর্থযাত্রীর ছদ্মাবরণে কেউ যাতে হরিণ শিকার কিংবা সুদরবনের সম্পদ নষ্ট করতে না পারেন, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৩ নভেম্বর থেকে সুন্দরবনের ভেতরে বিশেষ টহলের ব্যবস্থা থাকবে। এ ছাড়া সুন্দরবনের বিশেষ বিশেষ এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, বনপ্রহরী, বিজিবি ও পুলিশের যৌথ টহলের পাশাপাশি দুবলার চরে থাকবে একটি নিয়ন্ত্রণকক্ষ। রাশ মেলা উপলক্ষে সুন্দরবনে কর্মরত বন বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। রাশ মেলায় যাতায়াতের জন্য আটটি পথকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
পথগুলো হচ্ছে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালী থেকে হংসরাজ নদ হয়ে; কদমতলা ও কৈখালী স্টেশন থেকে দোবেকি নদী হয়ে; খুলনার কয়রার থেকে শিবসা নদী হয়ে ও নলিয়ান স্টেশন থেকে মজ্জাত নদ হয়ে; বাগেরহাটের ঢাংমারি থেকে পশুর নদ হয়ে; বগি থেকে শোলার চর হয়ে এবং শরণখোলা থেকে শোলার চর হয়ে দুবলার চরের রাশ মেলায় যাওয়া যাবে।