তীর্থস্থান দখল করে হাঁসের খামার!
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক আশুরা বিলের শালবনে মুনির থান দখল করে হাঁসের খামার গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‘বাল্মীকি মুনির থান’ হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে প্রসিদ্ধ। এ ঘটনায় এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।নির্মাণাধীন খামারটির মালিক মেহের আলম নামের স্থানীয় একব্যক্তি। তাঁর দাবি, জমিটি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। অপর দিকে নবাবগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার বলেছেন, তীর্থস্থানের ওই জমি সরকারি।নবাবগঞ্জ ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, মুনির থান উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর মৌজার ২৮২ খতিয়ানের ৫০৫৩ দাগে অবস্থিত। এখানে মোট জমির পরিমাণ ১৩০ একর। এর মধ্যে তীর্থস্থানের জমি আছে এক একর।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দিনাজপুরের ঐতিহাসিক আশুরার বিলের দক্ষিণ-পূর্ব কোণে শালবনের ভেতরে রয়েছে একটি উঁচু ঢিবি। ঢিবির তিন দিকে পানি। এক দিকে সরু একটি মেঠোপথ গেছে ঢিবিতে। এর উপরিভাগে আছে কয়েক শ শালগাছ। এই ঢিবিটিই মহামুনি বাল্মীকি মুনির থান হিসেবে পরিচিত। তীর্থস্থানের দক্ষিণ পাশে মেহের আলমকে কয়েকজন শ্রমিক নিয়ে একটি পাকা স্থাপনা তৈরি করতে দেখা গেল। জানতে চাইলে মেহের আলম বলেন, এখানে একটি হাঁসের খামার করছেন তিনি। জমিটি তাঁর নানা, মৃত তুষা খলিফার রেকর্ডকৃত সম্পত্তি। তিনি দাবি করেন, সরকার এ জমি দাবি করলে তাঁরা আদালতে মামলা করেন। মামলার রায় পেয়ে বৈধভাবে এখানে খামার করা হচ্ছে। এ সংক্রান্ত কাগজপত্র তাঁর কাছে আছে দাবি করলেও সেসব দেখাতে পারেননি মেহের আলম।নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার জানান, প্রথম জীবনের দস্যু রত্নাকর সিদ্ধি লাভ করে তপোবনের উঁচু ঢিবিতে বসে তপস্যা করতেন। দীর্ঘ তপস্যার পর তিনি বাল্মীকি মুনি রূপে খ্যাতি লাভ করেন। সেই বিশ্বাস থেকে এই অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীরা আশুরার বিলের এই ঢিবিকে ‘বাল্মীকি মুনির থান’ হিসেবে পূজার্চনা করে আসছেন।এলাকার পুরোহিত গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি, ফাল্গুনের শিবরাত্রিতে শিবব্রত পালন এবং পয়লা বৈশাখে কয়েক শ হিন্দু ধর্মাবলম্বী এখানে আসেন। এই ঢিবিতে পূজার্চনার মধ্য দিয়ে মহামুনি বাল্মীকির চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রওশন আলী বলেন, ‘মুনির থানটি সরকারি সম্পত্তিতে অবস্থিত। এটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। বাপ-দাদার আমল থেকে তা-ই জেনে আসছি।’নবাবগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার জানান, এ ঘটনায় এলাকার হিন্দুদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবি জানান তিনি। নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিজুল ইসলাম জানান, এটি সরকারি সম্পত্তি। এখানে কীভাবে স্থাপনা নির্মাণ হচ্ছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুুল মোতালেব সরকার জানান, নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।