তুচ্ছ কারণে সংবিধান সংশোধন করতে চাই না: সুরঞ্জিত

আওয়ামী লীগ আর সংবিধান সংশোধন করবে না বলে জানিয়েছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ বুধবার জাতীয় গণগ্রন্থাগার সেমিনার কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ’৭২-এর চেতনা ফিরিয়ে আনা হয়েছে। তুচ্ছ কারণে এই সংবিধান আর কখনোই সংশোধন করতে চাই না। ষষ্ঠদশ সংশোধনী আওয়ামী লীগের দ্বারা হবে না। সংবিধান সংশোধন করতে চাইলে আপনারা (বিএনপি) সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসুন।’
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত বলেন, ‘মওদুদ সাহেবরা অভিযোগ করছিলেন, আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করছে। কিন্তু সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর নির্বাচনের সময় ও সরকারের রূপরেখা ঘোষণার পর সেই বিকৃত ও অসার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।’
সুরঞ্জিত বলেন, ‘প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর এখন চমত্কার গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার এখনই প্রকৃত সময়। সময় চলে যাচ্ছে। তাই সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে বিরোধী দলকে এখনই প্রস্তাব দিতে হবে।’ তিনি জানান, সাংবিধানিক কাঠামোর মধ্যে আলোচনার সুযোগ এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
সুরঞ্জিত বলেন, ‘সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি অন্তত দুই মাসের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে পারেন। কিন্তু নির্বাচনকালীন সময় শুরু হওয়ার পর এই ধারা রহিত থাকবে। মন্ত্রিপরিষদ ও সংসদের কোনো ক্ষমতাও থাকবে না। ফলে নির্বাচনের সময় কেউ কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তিনি বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের পর যতগুলো নির্বাচন হয়েছে, তা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। আর নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। নির্বাচনের সব দায়ভার নির্বাচন কমিশনের ওপর। তারাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে।
নির্বাচন কমিশন আজ্ঞাবহ—বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘এটা তাদের রাজনৈতিক কৌশল। তারা নির্বাচন কমিশনকে আজ্ঞায় নিতে ফোনে কথা বলেন। এম কে আনোয়ারের মতো নেতাদের বারবার কমিশনে পাঠান। সুতরাং আপনাদের এ অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুন সরকার, ফেরদৌস খান আলমগীর প্রমুখ।