তুচ্ছ ঘটনায় যুবলীগের হামলা, আহত ৪, প্রতিবাদে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের মীরেরহাট বটতল বাজারে নাশতার দাম চাওয়ায় প্রতিবন্ধী দোকানদারের ওপর হামলা চালায় যুবলীগ নামধারী ক্যাডাররা।

এ সময় তাদের হামলায় প্রতিবন্ধী দোকানদার মো. রুবেলসহ (৩০) চারজন আহত হন। পরে রুবেলকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে হামলাকারীদের অন্যতম সাহাব উদ্দীন ঘরে অগ্নিসংযোগ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে যুবলীগ নামধারী সাহাব উদ্দীন উপজেলার পন্থিছিলা বাজারে প্রতিবন্ধী মো. রুবেলের দোকানে নাশতা করে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় রুবেল বাধা দেন। এ সময় সাহাব উদ্দীন ও তাঁর সহযোগী ইউসুফসহ ৮-১০ জনের একটি ক্যাডার বাহিনী বটতল বাজারে অন্তত ছয়টি দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়।

যুবলীগের হামলার কথা অস্বীকার করে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, ‘আমার জানামতে, সাহাব উদ্দীন আমাদের দলের কোনো নেতা বা সদস্য নন।’ দোকান ভাঙচুর ও প্রতিবাদে অগ্নিসংযোগের কথা স্বীকার করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম বলেন, কোনো পক্ষই এখনো মামলা করতে আসেনি।