তুচ্ছ ঘটনার জের ধরে তিনজন খুন
ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রাজশাহীর বাঘা ও ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুই ব্যক্তি খুন হয়েছে। নবজাতক প্রথমে নানার বাড়ি না দাদার বাড়িতে যাবে—এ নিয়ে মারামারির একপর্যায়ে নীলফামারীর ডোমারে এক ব্যক্তি খুন হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: কলার পাতা কাটা কেন্দ্র করে গতকাল শনিবার সকালে বাঘায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম তোফাজ্জল হোসেন (৪৫)। তাঁর বাড়ি উপজেলার আড়ানি ইউনিয়নের পিয়াদাপাড়া গ্রামে। গত শুক্রবার বিকেলের দিকে তোফাজ্জল হোসেন ছাগল খাওয়ানোর জন্য একই গ্রামের একরামুল হকের (৩৫) কলা গাছ থেকে পাতা কেটে আনেন। এ খবর পেয়ে একরামুল হক গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে গ্রামের তিন রাস্তার মোড়ে তোফাজ্জলকে আক্রমণ করে বসেন। এ সময় একরামুলের হাঁসুয়ার কোপে তোফাজ্জল ঘটনাস্থলেই নিহত হন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের ভাই মুক্তার হোসেন বাদী হয়ে একরামুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঠাকুরগাঁও: হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার ভাতুরিয়া গ্রামের শের আলীর (৪৫) ছাগল তাঁর বড় ভাই আনোয়ার হোসেনের (৫৫) লেবুগাছের পাতা খেয়ে ফেলে। এ ঘটনার জের ধরে দুই ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আনোয়ার তাঁর ছোট ভাই শের আলীকে লোহার রড দিয়ে বেধড়ক পেটান। এতে শের আলী মাথায় আঘাত পান এবং তাঁকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত শুক্রবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। নীলফামারী: নবজাতক প্রথমে নানার বাড়ি না দাদার বাড়িতে যাবে—এ নিয়ে গত শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও মারামারির একপর্যায়ে দাদা নিহত হন। নিহত লুৎফর রহমানের (৭০) বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার রেলস্টেশন চিকনমাটি কুড়িপাড়ায়। ওই ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতেই ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহতের ছেলে গোলাম রব্বানীর স্ত্রী ইয়াছমিন আক্তার ছয় দিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং তাঁর একটি ছেলেসন্তান হয়। বংশের প্রথম নাতিকে দাদা লুৎফর রহমান প্রথমে নিজ বাড়িতে উঠাবেন বলে ছেলেকে জানান। সে অনুযায়ী শুক্রবার মাইক্রোবাসে করে রংপুর থেকে গোলাম রব্বানী তাঁর স্ত্রী ও নবজাতককে নিয়ে দুপুর সোয়া দুইটার দিকে ডোমার আসেন। সেখানে চিকনমাটি মোড় নামক স্থানে মাইক্রোবাসটি আটকান নবজাতকের নানা বোড়াগাড়ি ইউনিয়নের গুদলীপাড়ার এন্তাজুল হক। তিনি নাতিকে নিজ বাড়িতে নেওয়ার জন্য পীড়াপীড়ি জুড়ে দেন। এ খবর পেয়ে দাদা লুৎফর রহমান ঘটনাস্থলে ছুটে এসে এর প্রতিবাদ করেন। তিনি নাতিকে তাঁর বাড়িতে নিয়ে যেতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি বেধে যায়। একসময় লুৎফর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ডোমার থানার ওসি সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্ত হয়েছে। আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।