তুচ্ছ ঘটনায় আদিবাসী পরিবারকে মারধরবাড়িঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি গ্রামে আদিবাসী পরিবারের সদস্যদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করেছেন পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা। গত সোমবার বিকেলে উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ও পুলিশ এ কথা জানিয়েছে।বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন তালা মুরমু (৩০) জানান, সোমবার দুপুরে টাটাকপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মাসুদ রানা মাছ ধরার জন্য তালার ছোট ভাই সুনীল মুরমুকে (২২) ডেকে নিয়ে যান। মাছ ধরার পর সুনীল মুরমু একটি মাছ নিয়ে বাড়িতে আসেন। কিছুক্ষণ পর মাসুদ রানা তাঁর দুই সহযোগীকে নিয়ে তালাদের বাড়িতে এসে মাছ চুরির অভিযোগ এনে সুনীলকে মারতে থাকেন। তাঁদের বাধা দিতে গেলে সুনীলের বড় দুই ভাই তালা ও রুবেন মুরমু এবং তালার স্ত্রী লক্ষ্মী মুরমুকেও মারধর করেন মাসুদ রানা ও তাঁর সহযোগীরা। তালার স্ত্রী লক্ষ্মী মুরমু জানান, মারধরের কারণে তাঁর স্বামী তালা মুরমু অচেতন হয়ে পড়েন। রুবেন মুরমুর বাঁ হাত ভেঙে যায় ও সুনীল মুরমু মারাত্মক জখম হন। তখন মাসুদ ও তাঁর দুই সহযোগী তাঁদের বাড়িঘর ভাঙচুর করে চলে যান। বিরামপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক রেজাউল বারী জানান, আদিবাসী রুবেন মুরমুর বাঁ হাতের অবস্থা ভালো নয়। অন্যদের অবস্থা ভালো। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদিবাসীরা মামলা করেছেন। অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কথা বলার জন্য মাসুদের বাসায় গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মা মোছা. মর্জিনা এ বিষয়ে কথা বলতে চাননি।