তুচ্ছ ঘটনায় ইপিজেডে কারখানা ভাঙচুর

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি তাঁবু কারখানায় ভাঙচুর করেছেন শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এইচকেডি ইন্টারন্যাশনাল নামের ওই কারখানায় ভাঙচুর চালান বিক্ষুব্ধ কিছু শ্রমিক। এই ঘটনার পর কারখানাটি আজ বুধবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
সূত্র জানায়, কোরিয়ার মালিকানাধীন কারখানাটির পাঁচ শ্রমিককে সকালে অন্য একটি সারিতে কাজ করার জন্য নির্দেশ দেন তত্ত্বাবধায়ক। ওই পাঁচ শ্রমিক নির্দেশ না মেনে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে বেলা ১১টার দিকে এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একসময় শ্রমিকদের মারধর করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তখন কারখানার দুই হাজার ৭০০ শ্রমিকের মধ্যে হাজার খানেক শ্রমিক কারখানা ছেড়ে নেমে এসে বিক্ষোভ করতে থাকেন। কিছু কিছু শ্রমিক কারখানার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করেন। এর আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা চালায়।
জানতে চাইলে শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নূরুজ্জামান বলেন, ‘পাঁচজন শ্রমিককে অন্য একটি সেকশনে কাজ করতে বলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। শ্রমিকদের অভিযোগ, একজন শ্রমিককে সুপারভাইজার থাপড় দিয়েছেন। এরপর গুজবের ওপর ভিত্তি করে শ্রমিকেরা কারখানা ভাঙচুর করেন।’
সূত্র জানায়, পরে বেপজা, পুলিশ, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কয়েকটি দাবি পূরণের আশ্বাস দিলে পৌনে দুইটার দিকে পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকেরা তত্ত্বাবধায়ককে অপসারণ, হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
জানতে চাইলে বেপজার মহাব্যবস্থাপক মো. আবদুর রশীদ বলেন, ‘তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে গুটি কয়েক শ্রমিক জড়িত। বুধবার কারখানা বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে কারখানা আবার চালু হবে।’