তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে তুচ্ছ ঘটনা নিয়ে গত বুধবার রাতে মো. সেলিম ভূঁঞা (৩৮) নামের এক শ্রমিককে একই কারখানার অন্য শ্রমিক মাসুদুল ইসলাম পিটিয়ে আহত করলে পরে তিনি মারা যান।ফেনী থানার পুলিশ মাসুদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। সে ফেনীর চাড়িপুর বিসিক শিল্প নগরীর ভূঁঞা কেমিক্যাল কারখানার শ্রমিক ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভালুয়া গ্রামের আতুব মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনীর চাড়িপুর বিসিক শিল্প নগরীর ভূঁঞা কেমিক্যাল কারখানার পাশে একটি ডোবার মধ্যে কারখানার মালিকপক্ষ কিছু মাছের পোনা ফেলে।কারখানার শ্রমিক মাসুদুল ইসলাম ওই ডোবা থেকে কিছু মাছ ধরে নেন। বিষয়টি অন্য শ্রমিক মো. সেলিম ভূঁঞা মালিককে বলে দিলে মালিক মাসুদুল ইসলামকে গালাগাল দেয়। এতে সে ক্ষিপ্ত হয় এবং প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকে। গত বুধবার সকালে মো. সেলিম ভূঁঞাকে কারখানার সামনে সুযোগমতো পেয়ে প্রথম দফা মারধর করেন। আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। রাত নয়টার দিকে আবারও মো. সেলিম ভূঁঞাকে স্থানীয় কুসুমবাগ ভবনের সামনে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে যান। স্থানীয় লোকজন তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। এ ঘটনায় মো. সেলিম ভূঁঞার বাবা তাজুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মাসুদুল ইসলামকে গ্রেপ্তার করে এবং গতকাল বৃহস্পতিবার ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।