তুচ্ছ ঘটনায় তুলকালাম চট্টগ্রাম ওয়াসায়
কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম ওয়াসার এক নিম্নমান সহকারীর ওপর হামলার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের সিবিএ নেতা তাজুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনা তদন্তের জন্য একটি কমিটি করেছে চট্টগ্রাম ওয়াসা।
আজ মঙ্গলবার চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এই হামলায় নিম্নমান সহকারী মহসিন চৌধুরী আহত হয়েছেন। তাজুল ইসলাম চট্টগ্রাম ওয়াসা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
মহসিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুপুর বারোটার দিকে তাজুল এসে তাঁর ভাইয়ের একটি কাজ আগে করে দিতে বলেন। ব্যস্ততা থাকায় আজ সম্ভব নয় বলে তাঁকে জানাই। এ নিয়ে তিনি তর্ক শুরু করেন। কিছুক্ষণ পর তিনি তাঁর ভাই নজরুল, শ্রমিক লীগের দুই কর্মী জাফর ও কুতুবুলসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে আচমকা মারধর শুরু করেন। একপর্যায়ে আমার দিকে চেয়ার ছুড়ে মারলে আমার নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। পরে সহকর্মীরা আমাকে ওয়াসার চিকিৎসকের কাছে নিয়ে যায়।’
অবশ্য তাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘ভবিষ্য তহবিলের হিসাব নিকাশের দায়িত্বে থাকা মহসিন চৌধুরী ঠিকমতো কাজ করেন না। এতে অনেক শ্রমিককে ভোগান্তিতে পড়তে হয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। তখন তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা চালান। আমাদের দুজন শ্রমিক আহত হয়েছে।’
চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এটি খুবই ছোট ঘটনা। তারপরও তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।