তুচ্ছ ঘটনায় পুলিশের লাঠিপেটা, ছাত্রদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের লাঠিপেটার প্রতিবাদে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বিকেলে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নগরে ফিরছিল। রাহাত্তারপুল এলাকায় একটি বাইসাইকেল বাসটির সামনে চলে আসে। এ সময় বাসচালক ব্রেক কষলে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ওই সড়ক দিয়ে চলাচলকারী একটি মোটরসাইকেলের দুই আরোহী এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। এর কিছুক্ষণ পর শহরমুখী আরও তিন-চারটি বাসযোগে ওই বিশ্ববিদ্যালয়ের শ খানেক শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হন।এ সময় ঘটনাস্থলে সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য এসে উপস্থিত হন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে কয়েকজন শিক্ষার্থী আহত হন।বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিমুল ইসলাম ও হাসানুল হক সাংবাদিকদের বলেন, ওই মোটরসাইকেল আরোহীরা সাদা পোশাকের পুলিশ সদস্যদের ডেকে আনেন। বিনা কারণে তাঁরা (পুলিশ) শিক্ষার্থীদের মারধর করেন। এ ঘটনায় একজন ছাত্রীসহ ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তাঁরা দাবি করেন। লাঠিচার্জের পর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।সড়ক অবরোধের খবর পেয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার কামালসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পুলিশের মধ্যস্থতায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন।বাকলিয়া থানার ওসি আনোয়ার কামাল প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক ও শিক্ষার্থীরা বিবাদে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিপেটা করেছিল। এতে কয়েকজন ছাত্রের গায়ে আঘাত লেগে থাকতে পারে। এ ঘটনায় দুজন কনস্টেবলকে দামপাড়া পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।